বহির্বিশ্বে নির্বাচন গ্রহণযোগ্য হবে: এইচ টি ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘বহির্বিশ্বে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে। দেশের প্রতিটি অঞ্চল থেকে যে তথ্য পেয়েছি তাতে আমরা দাবি করতে পারি, সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির কয়েকটি উপজেলার নির্বাচন বর্জনের ঘোষণা কৌতূহলোদ্দীপক বটে। যেসব উপজেলায় ভোট বর্জন করে হরতাল আহ্বান করা হয়েছে, সেগুলো আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। তাই তাদের পরাজয় নিশ্চিত ভেবেই হরতাল আহ্বান করেছে।
‘প্রথম দফা নির্বাচনে পরাজয়ের পর আওয়ামী লীগ হতভম্ব’—বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবে এইচ টি ইমাম বলেন, ‘আওয়ামী লীগ মোটেও হতভম্ব নয়। এই প্রক্রিয়াকে আমরা গণতান্ত্রিক ধরে নিয়েছি। আওয়ামী লীগের ভোট ব্যাংক অটুট আছে।’ সংবাদ সম্মেলনে আবদুস সোবহান গোলাপ, বদিউজ্জমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।