ডব্লিউটিওর মহাপরিচালক বলেন
বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম চট্টগ্রাম বন্দর
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল ল্যামি বলেছেন, বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম। এই বন্দর দিয়ে ৯০ শতাংশ নৌবাহিত আমদানি-রপ্তানি হয় এবং বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। চট্টগ্রাম বন্দরকে এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে কার্যক্ষম (ইফিসিয়েন্ট) কনটেইনার ডিপো হিসেবে বিবেচনা করা হয়।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদে আয়োজিত মতবিনিময় সভায় প্যাসকেল ল্যামি এই মন্তব্য করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই সভার আয়োজন করে।মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। চেম্বার সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে এই মতবিনিময়ের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্প্রসারণের নতুন দিকনিদের্শনা মিলবে।’সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল হান্নান।পরে মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, এ কে খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাশেম খান প্রমুখ। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের মহপরিচালক অমিতাভ চক্রবর্তী।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হয়েছে। বিশ্বে বাণিজ্যে এর নিজস্ব অবস্থান তৈরি হওয়া এখন সময়ের ব্যাপার।