গৌরীপুরে খুরারোগে মরছে গরু-ছাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দুটি ইউনিয়নে খুরারোগে আক্রান্ত হয়ে গরু ও ছাগল মারা যাচ্ছে। গত ১২ থেকে ১৪ দিনে এ রোগে অর্ধশতাধিক গরু ও ছাগল মারা গেছে। এতে কৃষক ও গরুর খামারিরা চিন্তিত হয়ে পড়েছেন।
খুরারোগ প্রতিরোধে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ গত রোববার চার সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছে। তারা মাঠপর্যায়ে কৃষকদের সচেতন করার জন্য কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১২ থেকে ১৪ দিন আগে উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার গ্রামে একটি গরু খুরারোগে আক্রান্ত হয়। গত ১২ দিনে পাছার গ্রামে ৭টি গরু ও ৪টি ছাগল এই রোগে মারা গেছে। একই সময়ে ওই ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে ৩টি গরু, ভালকাপুর গ্রামে ৪টি গরু ও ৩টি ছাগল মৃত্যুর খবর পাওয়া গেছে। অচিন্তপুর ইউনিয়নের চাড়কোনা গ্রামেও খুরারোগে আক্রান্ত হয়ে একটি গরু মারা গেছে। এ ছাড়া সহনাটি ও অচিন্তপুর ইউনিয়নের শতাধিক গরু ও ছাগল খুরারোগে আক্রান্ত হয়েছে। গত বৃহস্পতিবার সহনাটি ইউনিয়নের এ রোগে একটি গরুর মৃত্যু হয়েছে।
খুরারোগে আক্রান্ত হয়ে গরু-ছাগলের মৃত্যুর কারণে সহনাটি ও অচিন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাছার গ্রামের কৃষকেরা বলেন, তাঁরা এই রোগের বিষয়ে তেমন কিছুই জানে না। এ রোগের লক্ষ্মণ সম্পর্কে একজন বলেন, হঠাৎ আক্রান্ত গরুর মুখ দিয়ে লালা পড়তে থাকে। পায়ে ঘা হয়ে খুরা আলাদা হয়ে যায়। গরু খেতে পারে না। বিষয়টি বুঝে ওঠার আগেই বেশ কিছু গরু ও ছাগল মারা গেছে।
পাছার গ্রামের মজিবুর রহমান বলেন, ‘আমার আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের একটি ষাঁড় মারা গেছে। এরপর থেকে আশপাশের মানুষেরাও তাদের গরু ও ছাগল নিয়ে আতঙ্কে আছে।’
উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, খুরারোগে প্রতিবছরই এ এলাকায় গরু ও ছাগল আক্রান্ত হয়। এটি ভাইরাসজনিত রোগ। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে গঠিত মেডিকেল টিমের প্রধান ভেটেরিনারি সার্জন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ পর্যন্ত কতগুলো গরু বা ছাগল মারা গেছে আর কতগুলো আক্রান্ত, তার সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘খুরারোগে আক্রান্ত পশুর কোনো চিকিৎসা নেই। কৃষকদের সচেতন করার জন্য আমরা গত রোববার থেকে মাঠপর্যায়ে কাজ করছি। আক্রান্ত স্থান জীবাণুমুক্ত রাখার উপায় তাদের শেখানো হচ্ছে। পাশাপাশি খুরারোগে আক্রান্ত পশুকে সুস্থ পশুর সঙ্গে না রাখার পরামর্শ দিচ্ছি। এতেই রোগের প্রাদুর্ভাব কমে যাবে।’