এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ) থেকে বহিষ্কার করা ১১ জন ছাত্রীকে গতকাল শনিবার ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। আলোচনার নামে তাঁদের ডেকে নিয়ে ধমক দিয়ে বের করে দেওয়া হয় বলে ছাত্রীরা অভিযোগ করেন।জানা গেছে, খারাপ ফলাফলের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ১২ জন ছাত্রীকে বহিষ্কার করে। পরে একজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বাকি ১১ জনকে বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে ভারতের এক ছাত্রী গত শুক্রবার চলে গেছেন। শ্রীলঙ্কার দুই ছাত্রী গতকাল সকালে ঢাকায় গেছেন। আজ রোববার বিমানে করে তাঁদের নিজ দেশে চলে যাওয়ার কথা। বাকি আটজন ছাত্রী বাংলাদেশি।ছাত্রীরা অভিযোগ করেন, আলোচনার নামে তাঁদের প্রত্যেককে আলাদাভাবে ডেকে ধমক দেওয়া হয়। কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে তল্পিতল্পাসহ বের করে দেওয়া হয়। ইসমাত জাহান নামে এক ছাত্রী বলেন, সকাল থেকে একজন একজন করে ছাত্রীকে ডেকে উপাচার্য ও অন্য কর্মকর্তারা বলেন, ‘এখনই বের হয়ে যাও। এরপর আমাদের আর কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।’ইসমাত দাবি করেন, ‘২০০৮ সালে ভর্তির সময় আমাদের বহিষ্কার সম্পর্কে কোনো নীতিমালা ছিল না। কিন্তু সাড়ে তিন বছর শেষে উচ্চশিক্ষার মাঝপথে আমাদের বের করে দেওয়া হয়েছে। এ জন্য কোনো লিখিত ব্যাখ্যাও দেওয়া হয়নি।’তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, ছাত্রীদের আলাদাভাবে ডেকে তাঁদের অভিভাবকসহ বৈঠক করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের চিফ অপারেটিং কর্মকর্তা ওমর শরীফ বলেন, ‘ছাত্রীদের কার কোথায় দুর্বলতা, সেটি তাঁদের অভিভাবককে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি বুঝতে পেরে যে যার মতো করে চলে গেছেন। আমরা তাঁদের ট্রান্সক্রিপ্ট দিয়ে দেব।’সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অভিযোগ এনে এইউডব্লিউ প্রশাসন গত ১২ জুন ১১ জন ছাত্রীকে বহিষ্কার করে। প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। অস্থায়ী ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান ধর্মঘটও পালন করেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ে এখন চার মাসের গ্রীষ্মকালীন ছুটি চলছে। এ কারণে বেশির ভাগ ছাত্রীই নিজ দেশে রয়েছেন। তবে যেসব বিভাগে এখন পরীক্ষা চলছে, সেসব বিভাগের ছাত্রীরাই কেবল ক্যাম্পাসে আছেন।উপাচার্য মেরি জে সেনসিলোনি সাংবাদিকদের বলেন, ‘এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আলাদা গ্রেডিং পদ্ধতি ও সিলেবাস অনুসরণ করে থাকে। এ ক্ষেত্রে আমরা একটি সমন্বিত নীতির আলোকে শিক্ষা-কার্যক্রম চালাই। সব ছাত্রীই এ সমন্বিত নীতি সম্পর্কে জানেন।’উপাচার্য বলেন, ২৮ জন ছাত্রী দুর্বল ছিল। তাদের এর আগে লেখাপড়ায় মনোযোগী হতে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি তাদের অভিভাবককে জানায়নি। এদের মধ্যে ১৬ জন পরবর্তী পরীক্ষায় ভালো করে। অন্যরা উত্তীর্ণ হতে পারেনি।নীতিমালা না থাকা সত্ত্বেও ছাত্রীদের কীভাবে বহিষ্কার করা হলো—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গত বছরের আগস্টে একটি নীতিমালা করেছি। ওই নীতিমালায় কেউ জিপিএ-২ (সি গ্রেড)-এর কম পেলে সে আর এখানে লেখাপড়া করতে পারবে না। ওই ছাত্রীদের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়েছে।’তবে বিশ্ববিদ্যালয়ের চিফ অপারেটিং কর্মকর্তা ওমর শরীফ বলেন, ‘এটাই এ বিশ্ববিদ্যালয়ের শেষ বহিষ্কার নয়। ভবিষ্যতে কেউ পরীক্ষায় খারাপ করলে তাকেও এভাবে বহিষ্কার করা হতে পারে।’