বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চার শিক্ষার্থীকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলাভঙ্গের দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনের শাস্তি কমানো হয়েছে। চার শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রাতুল দেউড়ির স্থায়ীভাবে বহিষ্কার আদেশ বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুলতান মাহমুদ স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
গত বছর ১৩ সেপ্টেম্বর বাসের সিটে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হামলা-সংঘর্ষ হলে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হন। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের রাতুল দেউড়িকে (তৃতীয় সেমিস্টার) স্থায়ীভাবে বহিষ্কার, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের কামরুল ইসলাম (মাস্টার্স) ও কৃষি অনুষদের রুবেল সাজ্জাদকে (পঞ্চম সেমিস্টার) এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং কৃষি অনুষদের শাকিল বারী তামিম (পঞ্চম সেমিস্টার) ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের অমিত চন্দ্র রায় তপুকে (পঞ্চম সেমিস্টার) দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। গত ৩ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে এ সম্পর্কে জানানো হয়েছিল।
এদিকে, গ্রীষ্মের ছুটি শেষে গত ১৭ মে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও জরিমানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।
প্রক্টর পুর্নেন্দু বিশ্বাস বলেন, তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার ও জরিমানা করা হয়। পরে অভিযুক্ত ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় তাঁদের চার শিক্ষার্থীর শাস্তি কমানো হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রত্যেককে অর্থদণ্ড করা হয়েছে।