আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত পাঁচ ছাত্রলীগ কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ।
গতকাল দুপুর ১২টায় এসব দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ শেষে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে দেখা করে এই স্মারকলিপি দেন তাঁরা।
ছাত্রলীগের একাংশের অন্য দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয় অবরোধ, শাটল ট্রেন ও শিক্ষক বাসে হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং ছাত্র সংঘর্ষের জেরে বন্ধ শাহ আমানত আবাসিক ছাত্রাবাস খুলে দেওয়া। আগামী সাত দিনের মধ্যে এসব দাবি মেনে নিতে স্মারকলিপিতে অনুরোধ করা হয়।
আওয়ামী লীগ নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দারকে লাঞ্ছিতের ঘটনায় গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির এক বৈঠকে পাঁচ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়। এরপর থেকে এই পাঁচ ছাত্রলীগ কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে আসছিলেন তাঁদের অনুসারীরা।