বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে তিন ঘণ্টার অনশন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকেরা।গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনশন কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা। এদিকে গতকাল সন্ধ্যায় একই দাবিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও শিক্ষাসচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্মারকলিপিটি সরাসরি পাঠানো হয়।আন্দোলন পরিচালনায় গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও দৈনিক ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুব্রত দাস প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার সময় চেয়েও আমাদের দাবি পূরণ করছে না। এরই ফলশ্রুতিতে আমরা তিন ঘণ্টার অনশন করেছি। ছয় দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন প্রহসন অব্যাহত রাখলে আমরা আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচি পালন শুরু করব।’ প্রসঙ্গত, ‘নীতিমালা লঙ্ঘন করে শিক্ষক নিয়োগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিসবাহ উদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে। মিসবাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।