বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের অবরোধ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের অবরোধের মুখে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো বন্ধ ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রায় শিক্ষার্থীশূন্য হয়ে গেছে। ফাঁকা ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল-সমাবেশ করেছে। শিক্ষকেরা কেউ একাডেমিক ভবনে আসেননি। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পশু হাসপাতালে নিয়মিত কাজ চলছে। ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল-সমাবেশে মহানগর ছাত্রলীগের নেতাদের দেখা গেছে। এ সময় এমইএস কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।এদিকে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মী ছাত্রের আজীবন বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার উপাচার্যের বাসভবনে সমিতির এক জরুরি বৈঠকে তাঁরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার অভিযোগ করেন, শিক্ষক সমিতির বেশির ভাগ সদস্যই বিএনপি-জামায়াতের। কাজেই তাঁরা ছাত্রলীগের বিপক্ষে অবস্থান নেবেন—এটাই স্বাভাবিক। তাঁদের বক্তব্য আর উপাচার্যের বক্তব্য বরাবরই এক। তা না হলে তাঁরা উপাচার্যের বাসভবনে বৈঠক করতেন না। তবে শিক্ষক সমিতির সভাপতি গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘এসব ছাত্র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করেছে। এ জন্য আমরা আরও আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। প্রশাসন আমাদের কাছ থেকে সময় নিয়েছিল।’