বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শিবিরের ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্যায়ভাবে’ শিক্ষার্থী বহিষ্কারের আদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাল বুধ ও পরশু বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ও সিলেট বিভাগে হরতাল আহ্বানের হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার নগরের একটি রেস্তোরাঁয় এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীকে ‘অন্যায়ভাবে’ বহিষ্কার করা হয়েছে। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সব ছাত্রের ক্লাস ও পরীক্ষার যে ক্ষতিসাধিত হয়েছে তার প্রতিকার, সব মিথ্যা মামলা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা দেওয়া নিশ্চিত করা, ক্যাম্পাসে সব ছাত্রের সহাবস্থান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেসে পুলিশের হয়রানি বন্ধ এবং হলে বৈধ ছাত্রদের থাকার ব্যবস্থা করা।
প্রয়োজনে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বানের হুমকি দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা থাকায় ১৫ ও ১৬ মার্চ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ ছাত্র ধর্মঘট স্থগিত থাকবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ ছাত্রের শিক্ষাজীবন রক্ষার্থে যথাযথ ব্যবস্থা নেবে। না হলে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট পালন এবং ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগে হরতাল পালন করা হবে।
গত বছরের ১৩ ডিসেম্বর শিক্ষকদের মানববন্ধনে হামলা চালানো হয়। এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৮৩তম সভায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এহসানুল করিমসহ ১৪ জন নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।