বহিষ্কারাদেশ মানি না: নাজমুল হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদা বলেছেন, ‘আমি আঞ্চলিক রাজনীতির শিকার। এই বহিষ্কারাদেশ মানি না। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখব।’রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। এর জন্য কোনো আবেদনের প্রয়োজন হবে না।প্রসঙ্গত, গত রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নাজমুল হুদাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নাজমুল হুদা বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাকে কোনো শোকজ নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে। এটা দলের গঠনতন্ত্রবিরোধী।’ তিনি বলেন, ‘ঈদের আগে যাঁরা হরতাল দিয়ে খালেদা জিয়ার প্রতি মানুষের সহানুভূতি নষ্ট করেছেন, তাঁদের শোকজ না করে উল্টো আমাকে বহিষ্কার করা হলো। আমি আঞ্চলিক রাজনীতির শিকার। তাই এখন থেকে আঞ্চলিক রাজনীতি করব। নোয়াখালী সমিতির মতো ঢাকা সমিতি গঠন করব।’বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী নাজমুল হুদা বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তিনি একটি চক্রের মধ্যে আটকে আছেন। তাঁর সঙ্গে দেখা করতে চাইলেও ওই চক্র আমাকে কাছে যেতে দেবে না।’ অনেকটা অভিমানের সুরে তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) অনেক স্মৃতি ভুলে গেছেন। তা না হলে এমন সিদ্ধান্ত নিতে পারতেন না। ম্যাডামকে রাজনীতিতে আনার ক্ষেত্রে আমার অবদান তিনি ভুলতে পারবেন না।’নাজমুল হুদা তাঁকে বহিষ্কারের জন্য মওদুদ আহমদকে দোষারোপ করে বলেন, মওদুদ আহমদ নোয়াখালী অঞ্চলের চ্যাম্পিয়ন ব্যক্তি। তাঁর মধ্যে প্রবল আঞ্চলিকতা আছে। তিনি বলেন, ‘দলের মধ্যে কথা বলার মতো কোনো ফোরাম আমার নেই। তাই আমি বাইরে বলেছি। অভিমত প্রকাশের জন্য যদি আমাকে দল থেকে উচ্ছেদ করা হয়, তবে তা দুঃখজনক ঘটনা।’বিএনপির নানা উত্থান-পতনের সঙ্গে নিজের সম্পৃক্ততা উল্লেখ করে নাজমুল হুদা বলেন, ‘বিএনপির জন্য আমি সবকিছু করেছি। আমি বিএনপিতেই আছি। ভবিষ্যতে বিএনপির একজন হয়েই নির্বাচন করব।’ এখন কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘নিরপেক্ষ আইনজীবীদের নিয়ে একটি ফোরাম করব। লক্ষ্য হবে সুপ্রিম কোর্টকে রাজনীতিমুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা।’নাজমুল হুদা অভিযোগ করেন, দুই নেত্রীই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কথা বলেন। এটা বলে তাঁরা দুজনেই সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি বলেন, জনমত তৈরি করে দুই নেত্রীকে আলোচনায় বসানোর চেষ্টা করা হবে।