ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১০ দিন আগে আওয়ামী লীগের ১২ জন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে দলীয় প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠে তৎপর আছেন বিদ্রোহীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ১২টি ইউনিয়নের মধ্যে মামলার কারণে একটি বাদে ১১টিতে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও বিএনপির ১১ জন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের ১২ জন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী।
বিভিন্ন ইউনিয়নে দেখা যায়, আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী মাঠে বেশ তৎপর। বিএনপির প্রার্থীরা অনেকটা নীরবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মোয়াজ্জেমপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মোর্শেদ আলী। দলের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। এখানে বিএনপির প্রার্থী দুবারের ইউপি চেয়ারম্যান ও গত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আবুল খায়ের বাবুল।
নান্দাইল সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুল হক। দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আবু নাইম ভূঁইয়া। এখানে বিএনপির আ. রাজ্জাক ও একই দলের আবদুল মজিদ বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চণ্ডীপাশা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূঁইয়া। দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের (কার্যনির্বাহী কমিটি) সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূঁইয়া। এখানে বিএনপির প্রার্থী মাহবুবুর রশিদ বুলবুল।
গাংগাইল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান। বিএনপির প্রার্থী আলী আসলাম ভূঁইয়া। সিংরইল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. সাইদুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুবলীগের নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিএনপির প্রার্থী জামাল উদ্দিন খান।
আচারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম মোফাজ্জল হোসেন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের (কার্যনির্বাহী কমিটি) সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং সারোয়ার হোসেন। এখানে বিএনপির প্রার্থী মো. মোবারক হোসেন। খারুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. কামরুল হাসনাত ভূঁইয়া। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মো. আফাজ উদ্দিন ভূঁইয়া। বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম ভূঁইয়া। জাহাঙ্গীরপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল কালাম মণ্ডল। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংসদ-সমর্থিত আহ্বায়ক কমিটির সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোস্তাফা কামাল ওয়ানিছ। বিএনপির মো. ওসমান গণি ভূঁইয়া। অন্যদিকে রাজগাতি ইউনিয়নে মো. ইফতিকার মমতাজ ভূঁইয়া, মুশুলিতে ইফতিকার উদ্দিন ভূঁইয়া ও শেরপুরে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া (মিল্টন) আওয়ামী লীগের প্রার্থী। এ তিন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই। তিন ইউনিয়নে বিএনপির প্রার্থী হলেন যথাক্রমে রোকন উদ্দিন, এনামুল হক ও মো. জিয়া উদ্দিন।
দলীয় সূত্রে জানা যায়, দুই বছর ধরে নান্দাইলে আওয়ামী লীগের বিভক্তি শুরু হয়েছে। সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের নেতৃত্বে রয়েছে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি। অন্যদিকে বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদিন খানের নেতৃত্বে রয়েছে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। দুই পক্ষই সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দাবি করছে। তা ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান খান নান্দাইলে এসে আহ্বায়ক কমিটির পক্ষকে দল পরিচালনার দায়িত্ব পালনের ঘোষণা দিয়ে যান। তাই ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করেছেন সাংসদ আনোয়ারুল আবেদিন খান।
উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির দুজন বলেন, দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে তৃণমূল নেতাদের ভোটে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু নান্দাইলে প্রার্থী বাছাই কার্যক্রম ব্যক্তির মর্জির ওপর নির্ভর করে করা হয়েছে। এটা দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মেনে নিয়েছে। এই ক্ষোভে দলের নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
জানতে চাইলে সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, তাঁর মনোনীত ১১ জন প্রার্থীই বিজয়ী হবেন। কারণ যাঁরা নৌকা প্রতীককে সম্মান করেন, তাঁরা অন্য কাউকে ভোট দিতে পারেন না। এ ছাড়া দল বিদ্রোহীদের বহিষ্কার করেছে।