রাজবাড়ীর পাংশা উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে। উপজেলায় ছয়জন বিদ্রোহী প্রার্থী হলেও বহিষ্কার করা হয়েছে পাঁচজনকে।
বিদ্রোহী হলেও দলীয় পদে বহাল থাকা ওই নেতার নাম জর্জ আলী বিশ্বাস। তিনি কসবামাজাইল ইউপি থেকে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জর্জ আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ ও সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপি নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৭ এপ্রিল দলীয় বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ এপ্রিল পাঁচ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সন্তোষজনক উত্তর না পাওয়ায় উপজেলা কমিটির সদস্য ও হাবাসপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আল মামুন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশাই ইউপির প্রার্থী সিদ্দিকুর রহমান, সরিষা ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রার্থী আবদুস সোবহান, উপজেলা কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ও মৌরাট ইউপির প্রার্থী শওকত আলী সরদার এবং পাট্টা ইউপির হাসিবুর রহমান বরকত বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে কসবামাজাইল ইউপির বিদ্রোহী প্রার্থী জর্জ আলী বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কসবামাজাইলে জর্জ আলী বিশ্বাসকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। সেই সময় রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধীদের তালিকা বোর্ডে তাঁর ছবি টাঙানো দেখা যায়। তালিকায় ২০১০ সালের ২৩ জুলাই থেকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার সন্ত্রাসীদের ছবি ও নামসংবলিত তথ্য আছে। তালিকায় জর্জ আলী বিশ্বাসের ছবিতে দুর্ধর্ষ সন্ত্রাসী বলে উল্লেখ করা রয়েছে। এ বিষয়ে প্রথম আলোয় ৭ এপ্রিল ‘দুর্ধর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের প্রার্থী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মনোনয়ন পরিবর্তন করে কামরুজ্জামান খানকে সেখানে মনোনয়ন দেওয়া হয়। আর জর্জ আলী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
জর্জ আলী বিশ্বাস বলেন, ‘আমি এখন দলের বিদ্রোহী প্রার্থী। আমি আমার সমর্থক ও কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। তবে দল আমাকে বহিষ্কার করেনি। এ ছাড়া আমাকে শোকজ করার বিষয়ে কোনো কাগজপত্র হাতে পাইনি।’
নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান খান বলেন, ‘আমি স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু অন্য প্রার্থীদের মতো সংগঠনের উপজেলা কমিটির কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি না।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস বলেন, ‘আমরা উপজেলা থেকে জর্জ আলী বিশ্বাসকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু পরে তাঁকে বাতিল করে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়। এ কারণে আমাদের মধ্যে কিছুটা ক্ষোভ ছিল। ফলে তাঁকে দেরিতে শোকজ দেওয়া হয়। তবে যিনি নৌকা প্রতীক পেয়েছেন, তাঁকে বিজয়ী করতে আমরা কাজ করে যাব।’ এ বিষয়ে উপজেলা কমিটির সভাপতি এ কে এম শফিকুল মোরশেদের মুঠোফোনে ফোন করলে তিনি বলেন, ‘তাঁকে (জর্জ আলী) বহিষ্কার না করার বিষয়টি জেলা কমিটির সভাপতিকে জিজ্ঞেস করুন।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেন, ‘জর্জ আলী বিশ্বাসকে বহিষ্কার করা বা না করার বিষয়টি উপজেলা কমিটির দায়িত্ব। উপজেলা কমিটি সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটিকে অবহিত করবে। তারা এখনো আমাকে এ বিষয়ে কোনো কিছু অবহিত করেনি।’
চতুর্থ ধাপে পাংশা উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।