বহিষ্কারের নামে আপনারা শিশুর মতো আচরণ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার বন্ধের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। স্থানীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বহিষ্কারের নামে আপনারা শিশুদের মতো আচরণ করছেন। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের জন্য এটা লজ্জাকর।’গতকাল শুক্রবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের শোকসভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। নগরের মুসলিম হলে আতাউর রহমান খান কায়সার নাগরিক শোকসভা পরিষদ এ সভার আয়োজন করে।গত ২৩ জানুয়ারি নগর কমিটির মহিউদ্দিন অনুসারী কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি, যুগ্ম সম্পাদক আফছারুল আমীনসহ চার নেতাকে কারণ দর্শানোর চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।চিঠির জবাব না দিয়ে নুরুল ইসলাম ও আফছারুল আমীন অনুসারীরা গত ২৯ জানুয়ারি একটি কমিউনিটি সেন্টারে ‘প্রতিনিধি সভা’ করে নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন। নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফছারুল আমীনের মধ্যে দ্বন্দ্বের জের ধরে চট্টগ্রামে দলে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। সম্প্রতি উভয় পক্ষে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটে।