জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের তিন নেতাকে গত সোমবার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ঘোষণা করেছে ছাত্রদল। অপরদিকে তা প্রতিহত ঘোষণা করেছে ছাত্রলীগ। গতকাল থেকেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনার জের ধরে কর্তৃপক্ষ ২৮তম সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহ্ মো. শাহাবুল আলম দুই সেমিস্টার, যুগ্ম আহ্বায়ক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র মমিনুল ইসলাম প্লাবন, যুগ্ম আহ্বায়ক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র মো. জাহিদুল ইসলাম জাহিকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ছাত্রলীগের নেতা সাব্বির জানান, ছাত্রদল অনৈতিক কোনো কর্মসূচি পালন করতে চাইলে আমরা তা প্রতিহত করব। তবে ছাত্রদলের আহ্বায়ক শাহ মো. শাহাবুল আলম যেকোনো মূল্যে ন্যায্য দাবি ও তাঁদের কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, কোনো কর্মসূচি বা ধর্মঘট ঘোষণা হয়েছে বলে আমার জানা নেই। উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক কোনো কমিটি নেই।