বহিষ্কৃত চার ছাত্রলীগ নেতাকে পরীক্ষায় সুযোগ দিতে নির্দেশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ চারজনকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা না হলে বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
গতকাল সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজীবন বহিষ্কৃত ওই দুজনসহ অন্য শাস্তি পাওয়া দুজনকেও সব ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম আমিনউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এম আমিনউদ্দিন প্রথম আলোকে বলেন, আগামী চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কেন বহিষ্কারাদেশ অবৈধ হবে না—এ-সম্পর্কিত রুলের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে শিক্ষক জাহাঙ্গীর আলমকে অপসারণ ও শিক্ষার্থীদের বহিষ্কারের আদেশ প্রত্যাহার করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ছাড়া ছাত্রলীগ আরও তিনটি দাবি করেছে। গতকাল বুয়েটের শহীদ মিনারে দিনব্যাপী গণসংহতি ও সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান এসব দাবি জানিয়ে সময় বেঁধে দেন। তা না হলে পরদিন বুধবার সকাল ১০টায় বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তিনি।
অন্য দাবিগুলো হলো: কয়েকজন অধ্যাপকের নাম উল্লেখ করে তাঁদের সব প্রশাসনিক দায়িত্ব থেকে চিরদিনের জন্য প্রত্যাহার, বুয়েটের উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বুয়েটের ছাত্র আরিফ রায়হান হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা। এসব দাবি নিয়ে ছাত্রলীগের একটি প্রতিনিধিদল বুয়েটের উপাচার্যের সঙ্গে দেখা করে।
দিনভর বক্তৃতা, স্লোগান ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে এই সমাবেশ শেষ হয়। সংহতি সমাবেশে প্রকৌশল পরিষদ, কৃষিবিদ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র সমিতিসহ ঢাকা শহরের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার সদস্য অংশ নেন। সমাবেশের কারণে প্রধান ফটক ও বুয়েটের মধ্য দিয়ে কোনো গাড়ি চলাচল করেনি। এদিন প্রতিষ্ঠানটিতে কোনো ক্লাসও হয়নি।
গত ১২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা নিয়ে ফেসবুকে মন্তব্য করেন বুয়েটের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম। এর জের ধরে পরদিন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। পরে এ নিয়ে তদন্ত কমিটি করে বুয়েট।
গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবন বহিষ্কার করা হয়। এ ছাড়া প্রতীক দত্তকে এক বছরের জন্য ও গোলাম সাকলাইনকে হল থেকে বহিষ্কার করা হয়। সিন্ডিকেটের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ওই চার শিক্ষার্থী।
যোগাযোগ করা হলে বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা ইকরাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আজকে ১২টার দিকে চার শিক্ষার্থীর উকিল নোটিশ পেয়েছি।’ ছাত্রলীগের সময় বেঁধে দেওয়া প্রসঙ্গে খালেদা ইকরাম বলেন, ‘আমাদের সিদ্ধান্তে একাডেমিক কাউন্সিলে শাস্তি পুনর্বিবেচনার আবেদন করার একটি সুযোগ রাখা হয়েছিল। কিন্তু এখন তো এটা আইনি লড়াইয়ের দিকে চলে গেছে। কোর্টই ঠিক করবে কী করতে হবে।’
বুয়েট শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা: শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়জুল্লাহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) জাহাঙ্গীর আলমকে আসামি করে একটি মামলা করেছেন। জানতে চাইলে ওসি বলেন, তাঁকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তিনি একজন সম্মানিত শিক্ষক। তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত দেবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগ নেতা ফয়জুল্লাহ বলেন, বুয়েটের শিক্ষক জাহাঙ্গীর আলম ফেসবুকে মানবতাবিরোধী মামলার রায় নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, দেশের রাষ্ট্রীয় অবকাঠামো নিয়ে কটাক্ষ করেছেন। জাহাঙ্গীর মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে মামলা করেছেন তিনি।