ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য বহিষ্কৃত নেতাকে বাছাই করার গুঞ্জন উঠেছে। এ অবস্থায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল করেছেন।
গত ১০ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বীকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ইউপির নির্বাচনে ফজলে রাব্বীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে বলে দলের নেতা-কর্মীরা বলছেন। এর প্রতিবাদে আওয়ামী লীগের স্থানীয় কয়েক শ নেতা-কর্মী গতকাল বিকেল চারটায় ইউনিয়নের উত্তর মোয়ামাড়ি গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ মোয়ামাড়ি হাসপাতাল ময়দানে গিয়ে শেষ হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সূত্র জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পাররামরামপুরে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আসাদুজ্জামান লেমন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজালুল মজিদ ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জুয়েলসহ আটজন। ফজলে রাব্বীকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই বিক্ষোভ মিছিল করেন।
মো. আসাদুজ্জামান বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফজলে রাব্বীকে বহিষ্কার করা হয়। চূড়ান্ত মনোনয়নের জন্য কেন্দ্রে শুধু তাঁর (ফজলে রাব্বী) মতো একজন বহিষ্কৃত নেতার নাম যাওয়াটা সংগঠনের জন্য হতাশাজনক। তিনি কীভাবে দলীয় মনোনয়নের জন্য তালিকায় নাম ওঠালেন, তা সন্দেহের উদ্রেক করছে।’
ফজলে রাব্বী বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এখনো তৃণমূল নেতা-কর্মীর মধ্যে আমার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই ইউনিয়ন থেকে অন্যদের মতো আমিও দলীয় মনোনয়নপ্রত্যাশী। আমার নাম চূড়ান্তভাবে কেন্দ্রে গিয়েছে কি না, তা আমি জানি না।’
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘উপজেলা থেকে ওই ইউনিয়নের আটজন মনোনয়নপ্রত্যাশীর নাম জেলায় প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। এর মধ্যে জেলা নেতারা কার নাম কেন্দ্রে পাঠিয়েছেন, তা আমার জানা নেই।’