দল থেকে অস্থায়ীভাবে বহিষ্কৃত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গত রোববার কুলাউড়া থানায় মামলাটি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে সফি আহমদকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে মামলা হয়। এই মামলায় আসামিদের বিরুদ্ধে রফিকুল ইসলামকে মারধর করার অভিযোগ করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগের ইউনিয়ন কমিটির সম্মেলন চলাকালে এ কে এম সফি আহমদের নেতৃত্বে তাঁর সমর্থকেরা প্রাণনাশের উদ্দেশে৵ রফিকুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালান। এতে রফিকুল গুরুতর আহত হন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল আলম বলেন, সফি আহমদসহ এজাহারভুক্ত অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দলীয় সূত্র জানায়, কুলাউড়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সফি আহমদ ও রফিকুল ইসলামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নির্বাচনে সফি দলের মেয়র প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
নির্বাচনে রফিকুলসহ কয়েকজন নেতা-কর্মী দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বিজয়ী মেয়র শফি আলম ইউনুছের পক্ষে কাজ করেন বলে সফি অভিযোগ তোলেন। এই বিরোধের জের ধরে হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ গত শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফিকে অস্থায়ীভাবে বহিষ্কার করেন।
এ কে এম সফি আহমদ রফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের নেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ’ এবং গতকাল ‘নেতাকে মারধরের ঘটনায় আরেক নেতা বহিষ্কার’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।