কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুথ বর্ষ প্রথম সেমিস্টারের এক ছাত্রীকে লাঞ্ছিত করেছেন একই বিভাগের আজীবন বহিষ্কার হওয়া বখাটে শিক্ষার্থী নূরুল আমিন ওরফে সবুজ। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ওই ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলা বিভাগের ওই বর্ষের গতকালের পরীক্ষা স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিবরণ অনুযায়ী, গতকাল বেলা আড়াইটা থেকে বাংলা চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের একটি কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুইটা ১০ মিনিটে নূরুল আমিন কলা ভবনের সামনে গিয়ে পরীক্ষার জন্য অপেক্ষমাণ ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন। এরপর ছাত্রলীগের এক বখাটে নেতার মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান। ওই ঘটনার পর নূরুল আমিনকে খোঁজার জন্য পুলিশ ও প্রক্টোরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় তল্লাশি চালায়। পরে আহত শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় নূরুল আমিন ২০১১ সালের ২৩ এপ্রিল ওই ছাত্রীকে শারীরিকভাবে জখম ও নির্যাতনের অভিযোগে তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১২ সালের ২২ মে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বখাটে নূরুল আমিন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বাংলা বিভাগে তালা দেয়। ওই সময়ে এক সপ্তাহ পাঠদান বন্ধ ছিল।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষার্থী নূরুল আমিনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘আজীবনের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী শনিবার (গতকাল) পরীক্ষা শুরুর আগে হঠাৎ এসে ওই ছাত্রীকে লাঞ্ছিত করে পালিয়ে যায়। ওই কারণে পরীক্ষা স্থগিত করা হয়।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।