বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, মামলা
নীলফামারী সদর থানা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পদক আনিছুর রহমানের বিরুদ্ধে স্থানীয় একটি নির্মাণাধীন কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, নীলফামারী শহরের মৌসুমী কোল্ড স্টোরেজ নির্মাণে যৌথভাবে অর্থায়ন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড (আরডিডিবি)। ঋণখেলাপি হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি নিলামে বিক্রির উদ্যোগ নিলে আনিছুর নানাভাবে বিরোধিতা শুরু করেন। প্রতিষ্ঠানটি তিনি অবৈধভাবে নিজের দখলে রাখার চেষ্টাও করেন। পরে নিলামে কাজী আমিরুল ইসলাম নামের জনৈক ব্যবসায়ী প্রতিষ্ঠানটি কিনে নিলে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। তিনি সন্ত্রাসীদের নিয়ে ওই প্রতিষ্ঠানের নামফলক ভেঙে ফেলেন।মামলার বাদী কাজী আমিরুল ইসলাম অভিযোগ করেন, গত রোববার সকালে আনিছুর ২০-২৫ জন চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ওই হিমাগারে হামলা চালান। এ সময় শ্রমিকদের মারধর করা হয়। আনিছুর তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাঁদের কাজ করতে দেবেন না বলে হুমকি দেন এবং চলে যাওয়ার সময় তাঁরা প্রতিষ্ঠানটির তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছেন।নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আনিছুর রহমানকে বছর দেড়েক আগে বহিষ্কার করা হয়।আনিছুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে অভিযোগের বিষয়ে আনিছুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য বারবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) বাবুল আক্তার বলেন, হামলা ও চাঁদা দাবির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।