বহিষ্কৃত বিদ্রোহীদের নিয়ে বিপাকে আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ওই দুই প্রার্থীকে দল থেকে বহিষ্কার করার পরও তাঁরা নির্বাচনের মাঠে রয়েছেন। দুই ‘বিদ্রোহী’ প্রার্থী দলীয়-সমর্থিত প্রার্থীর জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে মনে করছেন নেতা-কর্মীরা।
আগামী রোববার ১৬ মার্চ রূপসা উপজেলা পরিষদের নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা কমিটির সভাপতি কামাল উদ্দিন (টেলিফোন), জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুব ও ক্রীড়া সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আলী আকবর শেখ (দোয়াত-কলম), বিএনপি-সমর্থিত প্রার্থী জেলা কমিটির প্রচার সম্পাদক এস এম মনিরুল হাসান (আনারস) ও জেলা কমিটির বহিষ্কৃত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন (কাপ-পিরিচ)।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, আলী আকবর শেখ বর্তমান চেয়ারম্যান থাকায় তাঁর একটি জনপ্রিয়তা রয়েছে। অনেক নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করছেন। কিন্তু বহিষ্কৃত হওয়ার ভয়ে অনেকে প্রকাশ্যে কাজ করতে পারছেন না, কথাও বলতে পারছেন না।
তবে আকবরের এখন আর জনপ্রিয়তা নেই বলে দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর। তিনি বলেন, ‘আকবরের সঙ্গে কোনো নেতা-কর্মী নেই। তিনি একা একা কাজ করছেন। সবাই এখন কামাল ভাইয়ের সঙ্গে। ফলে কামাল ভাইয়ের জয়ী হতে কোনো সমস্যা নেই।’
এদিকে বিএনপির আবু হোসেনের পক্ষের কয়েকজন নেতা জানান, আবু হোসেন বয়সে তরুণ। তরুণ নেতা-কর্মীদের মধ্যে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। এলাকায় তাঁর একটি জনপ্রিয়তা গড়ে উঠেছে। তাঁকে বহিষ্কার করার পরও একাধিক নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করতে গিয়ে বহিষ্কার হয়েছেন। তবু অনেকে কাজ করে চলেছেন। এবারের নির্বাচন আওয়ামী লীগ-বিএনপির মধ্যে হবে বলে মন্তব্য করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘রূপসা উপজেলা নির্বাচন হবে হাসিনা-খালেদার। কারণ, এখানে প্রার্থী কোনো বিষয় নয়। আর আমাদের যিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গে কোনো নেতা-কর্মী নেই। ফলে এখন আর কোনো সমস্যা নেই।’