লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসা কেন্দ্রে বহিষ্কৃত চার পরীক্ষার্থীর গোপনে একটি কক্ষে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রসচিব পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো প্রতিবেদনে ওই পরীক্ষার্থীদের বহিষ্কারের তথ্য গোপন করে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন জানান, ওই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মো. নাজিম উদ্দিনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গত মঙ্গলবার থেকে কাজ শুরু করে।তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ সোবহান জানান, অর্থনীতি প্রথম পত্র পরীক্ষায় ওই মাদ্রাসার পরীক্ষার্থী নিজাম উদ্দিন এবং পৌরনীতি প্রথম পত্র পরীক্ষায় একই মাদ্রাসার মো. ইব্রাহিম খলিল, চর আবদুল্লাহ আলিম মাদ্রাসার নাফিয়া তানজিন ও চর বাদাম রাস্তার হাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসার পরীক্ষার্থী কুলছুমা বেগমকে অসদুপায় অবলম্বনের জন্য গত ৪ মে বহিষ্কার করা হয়। ওই দিন তাদের বহিষ্কারের বিষয়টি ইউএনওকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু কেন্দ্রসচিব ও আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ এম ওমর ফারুক পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে উত্তরপত্রসহ পরীক্ষার যে প্রতিবেদন পাঠান, তাতে তিনি বহিষ্কারের তথ্য গোপন করেন। আবদুচ সোবহান আরও জানান, কেন্দ্রসচিব ওমর ফারুক ওই চার পরীক্ষার্থীকে গত ৮ মে অনুষ্ঠিত অর্থনীতি ও পৌরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষায় গোপনে অংশগ্রহণ করার সুযোগ দেন। গতকাল বুধবার সকালে পরীক্ষার্থীদের হাজিরা খাতা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, তদন্ত অব্যাহত রয়েছে।তদন্ত কমিটির অপর দুই সদস্য হচ্ছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও রামগতি প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হক।বহিষ্কারের তথ্য গোপন এবং গোপনে পরীক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার ব্যাপারে কথা বলার জন্য কেন্দ্রসচিব এম ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। ইউএনও আ স ম হাসান আল আমিন জানান, বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আরও কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। আগামী দুই দিনের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।