সরকার এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সহায়তার আওতায় এনেছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। চট্টগ্রাম, ০৭মে। ছবি: তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে
বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। চট্টগ্রাম, ০৭মে। ছবি: তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

'বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো অনেকটা ভালো অবস্থানে থাকলেও সরকার বসে নেই, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার সাথে সমস্ত ব্যবস্থা নিচ্ছে', বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

চট্টগ্রাম সার্কিট হাউসে বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনপ্রতিনিধি ও বিভিন্ন অংশীজনের সাথে জেলা প্রশাসন আয়োজিত সমন্বয় সভা শেষে সভাপতির ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন, সেকারণেই পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের দেশের পরিস্থিতি এখনো অনেকটা ভালো বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, 'তাই বলে সরকার বসে নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সংক্রমণ বাড়ছে এবং যেকোন পরিস্থিতি তৈরি হতে পারে। সেজন্য আমরা সবার সহযোগিতা নিয়ে কাজ করছি।'

মন্ত্রী বলেন, মানুষের জীবন রক্ষার পাশাপাশি সকারকে মানুষের জীবিকাকেও রক্ষা করতে হয়, সেকারণে জীবন ও জীবিকা দুটোই রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে, এক-তৃতীয়াংশের বেশি মানুষকে নানাভাবে সহায়তার আওতায় এনেছে। বৈশ্বিক এই দূর্যোগের সময় পৃথিবীর খুব বেশি দেশে এভাবে এক-তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা হয়নি, জানান তিনি।

স্পেন, ইতালি, সিঙ্গাপুরসহ পৃথিবীর অনেক দেশে যেখানে এখনো প্রতিদিন আড়াই শ থেকে তিন শ মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও লকডাউন শিথিল করা হয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, 'জীবনরক্ষার জন্য মানুষের জীবিকাকেও রক্ষা করতে হবে। কিন্তু আমাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এসব কারণে সরকারের পক্ষ থেকে দোকানপাট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সীমিত আকারে আগামী ১০ মে থেকে খোলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং সেখানে স্বাস্থ্যসুরক্ষার নির্দেশনাও দেওয়া হয়েছে।'

মার্কেট ও মসজিদ খুলে দেওয়ায় সংক্রমণ বাড়বে কিনা—সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'সবাই যদি সম্মিলিতভাবে মানুষকে সচেতন করতে পারি, তাহলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা অনেক সহজ হবে। এ জন্য গণমাধ্যমকর্মীরা শুরু থেকেই প্রচারণা চালাচ্ছেন, যাতে কেউ অপ্রয়োজনে বাজারে না যান। মানুষ যাতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও মসজিদে যান।'

করোনা সঙ্কটে চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনের সঞ্চালনায় সমন্বয় সভায় আরও বক্তব্য দেন সাংসদ ওয়াসিকা আয়েশা খানম, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

করোনা মোকাবিলায় চট্টগ্রাম:

ব্রিফিংয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের বিভিন্নমুখী ব্যবস্থাপনা নিয়েও সাংবাদিকদের বিশদভাবে জানান তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতাল কোন ব্যবস্থাপনায় পরিচালনা করা হবে সেটি নিয়ে সিদ্ধান্তহীনতা দূর করে সরকারি ব্যস্থাপনাতেই সেটি চালু করার সভার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো এবং আনুষঙ্গিক কাজ যতদ্রুত সম্ভব শেষ করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
'করোনাপরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘসময় লাগা ও আক্রান্তদের ঘোরাঘুরি' বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'স্বাস্থ্যবিভাগ থেকে আজ বলা হয়েছে, আগে টেস্ট রিপোর্ট পেতে সাতদিন লাগত, এখন চারদিনে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আরেকটি করোনা পরীক্ষার ল্যাব চালুর চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামে অন্তত প্রতিদিন ৫ শ নমুনা পরীক্ষা যাতে করা যায়, সেই চেষ্টা চলছে।'