বহু প্রতিভার অধিকারী ছিলেন লতিফ সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতিফ সিদ্দিকী ছিলেন প্রগতিশীল চিন্তাধারার মানুষ। তিনি একাধারে সাংবাদিক, রাজনীতিক, নাট্যকার, কবি, গল্পকার ও শিশু সংগঠক। আজীবন নির্যাতিত ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের স্যাক মিলনায়তনে আয়োজিত লতিফ সিদ্দিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন। স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর স্মরণসভার আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠকসহ তাঁর সহপাঠী, সহকর্মী ও রাজনৈতিক সহযোগীরা অংশ নেন।
স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক দীপক ঘোষ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হায়দার আলী, অধ্যাপক মীর মোকছেদুল আলম, সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ, উদীচীর জেলা সংসদের সভাপতি গাজী ওয়াজেদ আলম, গণজাগরণ মঞ্চের জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, লতিফ সিদ্দিকীর ভাই আশরাফ সিদ্দিকী, স্মৃতি ফাউন্ডেশনের সদস্যসচিব বিমল রায় ও সাংবাদিক আব্দুল মোমিন।
গতকাল ছিল লতিফ সিদ্দিকীর ১৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের ১১ ফেব্রুয়ারি তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। লতিফ সিদ্দিকী প্রথম আলোর মফস্বল সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ভোরের কাগজ এবং সংবাদ পত্রিকায়ও কাজ করেছেন। তিনি রোদ্দুর নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। জনৈক হরিদাস পালের নিজের কথা তাঁর পাঠকসমাদৃত উপন্যাস।