
শাহজাহানপুর থেকে রাজারবাগ পুলিশ লাইনসের উত্তর প্রান্তের রাস্তা ধরে মালিবাগ মোড়ের কাছাকাছি আসতেই থমকে গেল আবদুর রশিদকে বহনকারী রিকশা। সামনে যানজট। আধঘণ্টা চলে গেল, যানবাহন এগোচ্ছে না। অগত্যা রিকশা থেকে নেমেই গেলেন তিনি।
শুধু আবদুর রশিদ নন, শাহজাহানপুর, খিলগাঁও এলাকা থেকে যাঁরা মালিবাগ মোড়ের দিকে আসবেন, তাঁদের হয় রিকশায় বা অন্য যানে বসে থাকতে হবে কিংবা অথবা অপেক্ষা করতে হবে—কখন যানজট খুলবে। এই যানজটের উৎস মৌচাক এলাকায় নির্মাণাধীন উড়ালসড়ক।
এই উড়ালসড়কের রমনা-সাতরাস্তা অংশ চালু হয় গত মার্চে। মৌচাক-বাংলামোটর অংশ চলতি মাসে এবং রামপুরা-মৌচাক অংশ ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। যে শম্বুকগতিতে কাজ চলছে, তাতে কবে নাগাদ কাজ শেষ হবে, আর জনসাধারণ এই অবর্ণনীয় দুর্ভোগ থেকে নিষ্কৃতি পাবে, তা নিশ্চিত নয়।
গতকাল মঙ্গলবার দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টি না হলেও মালিবাগ মোড়ের অদূরে পুলিশের গোয়েন্দা শাখার (এসবি) কার্যালয়ের সামনে থেকে মোড় ঘুরে মৌচাক মার্কেট পর্যন্ত পানি জমে আছে। পানির নিচে বড় বড় গর্ত।
লাখ লাখ মানুষ প্রায় চার বছর ধরে সহ্য করছে ‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’-এর নির্মাণকালীন দুর্ভোগ। উড়ালসড়কের নিচের রাস্তায় অব্যবস্থাপনার কারণে দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করছে বলে ভুক্তভোগীরা মনে করেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, সকালে খিলগাঁও থেকে কারওয়ান বাজার যেতে যতবারই এ পথ ব্যবহার করেছেন, তাঁকে দীর্ঘ সময় যানজটে পড়ে থাকতে হয়েছে। বর্তমানে তিনি শান্তিনগর, সার্কিট হাউস রোড হয়ে যাতায়াত করেন।
মৌচাক মার্কেটের কাছে শহীদ ফারুক স্তম্ভের কাছে বিশাল এক গর্ত ছিল প্রায় এক মাস। মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণে এ গর্ত খোঁড়া হয়েছে। আশপাশের গর্তগুলো ছাড়াও প্রধানত এ গর্তের জন্য সেখানে সার্বক্ষণিক জনভোগান্তি ছিল। কয়েক দিন আগে সেই গর্ত ভরাট করা হয়েছে। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এখনো সেপথ চলাচলের অনুপযোগী।
রাস্তায় এখনো পড়ে আছে রড। স্তূপাকার করে রাখা হয়েছে মাটি, স্ল্যাবের বড় বড় টুকরা। একটির পর একটি বাস যাচ্ছে আর চারদিক পানিতে ভরে যাচ্ছে। এবড়োখেবড়ো রাস্তায় বাসগুলো চলছে লাফিয়ে লাফিয়ে। একদিকে মৌচাক মোড়, মালিবাগ চৌধুরীপাড়া; অন্যদিকে মগবাজার মোড় পর্যন্ত এই অবস্থা।
গতকাল দেখা যায়, পানিবদ্ধ রাস্তায় ইট ও খোয়া ফেলা হচ্ছে। কর্মরত শ্রমিকেরা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নয়, প্রকল্পের ঠিকাদার (তমা কনস্ট্রাকশন লিমিটেড) নিজ উদ্যোগেই এলাকার রাস্তা মেরামত ও গর্তগুলো ভরাট করছে।
একই রকম দুর্ভোগে পড়তে হচ্ছে মৌচাক মার্কেটের সামনে থেকে ভিকারুননিসা নূন স্কুলের দিকে যাওয়া সিদ্ধেশ্বরী রোডে যাতায়াতকারী মানুষের। সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ের মাঠে উড়ালসড়কের নির্মাণসামগ্রী রাখায় ভারী যানবাহন যাতায়াতের কারণে সড়কটি ভেঙে গেছে, অথচ মেরামত করা হচ্ছে না।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, প্রকল্পভুক্ত এলাকা প্রকল্প কর্তৃপক্ষের। তাই সেখানকার রাস্তাঘাট দেখভাল করার দায়িত্বও তাদের। নির্মাণ শেষে উড়ালসড়কের নিচের রাস্তাঘাট আবার সিটি করপোরেশনের হাতে আসবে।
২০১১ সালের ৮ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’ নির্মাণের অনুমোদন দেওয়া হয়। উদ্বোধন হয় ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি। উড়ালসড়ক বাস্তবায়নকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’ প্রকল্পের আওতায় তিনটি অংশের একটি তেজগাঁও সাতরাস্তা থেকে মগবাজার রেলক্রসিং হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত দুই কিলোমিটার অংশের উদ্বোধন হয় গত ২৯ মার্চ।
সোয়া দুই কিলোমিটার দৈর্ঘ্যের নিউ ইস্কাটন, মগবাজার মোড় হয়ে মৌচাক পর্যন্ত অংশ চলতি মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল।
প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের রামপুরা-মৌচাক-শান্তিনগর-রাজারবাগ অংশটি ডিসেম্বরে চালু হওয়ার কথা। এলজিইডির দায়িত্বশীল একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ঠিক কবে চালু হবে, তার নিশ্চয়তা নেই।