তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেছেন, অতীতে সম্পাদিত অসম চুক্তির কারণে বেশি দামে সরকারকে গ্যাস-বিদ্যুৎ কিনতে হচ্ছে আর দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে তা পোষানোর চেষ্টা হচ্ছে। লাভবান হচ্ছে বহুজাতিক কোম্পানি। তাদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকারও তৎপর।গতকাল শুক্রবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা আগামী ৩ জুলাই হরতালের সমর্থনে এক সমাবেশে এসব অভিযোগ করেন। এর আগে শাহবাগ থেকে পলাশী মোড় পর্যন্ত পদযাত্রা করেন তাঁরা।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাষায় কথা বলছেন। ওই সময় ‘মাটির নিচে গ্যাস রেখে লাভ কী?’, ‘গ্যাসের ওপর ভাসছে বাংলাদেশ’ প্রভৃতি বলে গ্যাস রপ্তানির চেষ্টা করা হয়।বক্তারা আরও বলেন, উইকিলিকসের ফাঁস করা তথ্যানুযায়ী, গত বছরই মার্কিন রাষ্ট্রদূতকে জ্বালানি উপদেষ্টা সাগরের গ্যাস ব্লক কনকো ফিলিপসকে ইজারা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই অঙ্গীকার অনুযায়ী এখন সরকার কাজ করছে।বক্তারা জানান, অতীতে বিবিয়ানা কূপ থেকে ভারতে গ্যাস রপ্তানি, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ও পাচার এবং চট্টগ্রাম বন্দর মার্কিন জালিয়াতি কোম্পানিকে দেওয়ার চেষ্টা যেভাবে প্রতিহত করা হয়েছিল, এবারও সেভাবে সাগরের তেল-গ্যাস রপ্তানির চেষ্টা প্রতিহত করা হবে।সমাবেশে জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বজলুর রশীদ, সাজ্জাদ জহির, মোশরেফা মিশু, রাগীব আহসান, জোনায়েদ সাকি, আবদুস সাত্তার, মোজাম্মেল হক, নজরুল ইসলাম, সাইদুল হক, আশরাফ হোসেন, রেজাউর রশীদ খান, মঈন উদ্দিন চৌধুরী, আবুল হাসান প্রমুখ।আজ শনিবার বিকেল সাড়ে চারটায় হরতালের সমর্থনে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে কাজীপাড়া-কাফরুল এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।