বহুজাতিক কোম্পানির স্বার্থে উন্মুক্ত খনি করার চক্রান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা পৃথিবীতে উন্মুক্ত খনির প্রস্তাব বাতিল হচ্ছে, আর এ দেশে কিছু সুবিধাভোগী ও দুর্নীতিবাজ ব্যক্তি উন্মুক্ত খনি করার পক্ষে মত দিচ্ছেন। এঁরা বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ফুলবাড়ী ও বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনি করার চক্রান্ত করছেন।গতকাল শুক্রবার নিমতলা মোড়ে আয়োজিত সভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা এসব কথা বলেন। ‘ফুলবাড়ী খনিবিরোধী আন্দোলন দিবস’ পালন উপলক্ষে এই সভার আয়োজন করে জাতীয় কমিটি।জাতীয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সংসদীয় কমিটি বহুজাতিক কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছে। জাতীয় কমিটি ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীর এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচি দিয়েছিল। কর্মসূচির মিছিলে বিডিআর-পুলিশ গুলি করে। তাতে তিন যুবক নিহত ও অনেকে আহত হন।গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় নেতারা এবং ফুলবাড়ী খনি এলাকার মানুষ ঢাকা মোড় থেকে শোক র‌্যালি বের করে শহর প্রদক্ষিণের পর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে। বিকেলে মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।জাতীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, দুর্নীতিবাজ, স্বার্থপর ও বিদেশি কোম্পানির কাছে কমিশন-লোভী কিছু ব্যক্তি ছাড়া সারা দেশের সচেতন মানুষ ফুলবাড়ী খনি আন্দোলনকারীদের সঙ্গে আছে।জাতীয় কমিটির স্থানীয় শাখা আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।ফুলবাড়ী দিবসটি পালনের জন্য সম্মিলিত পেশাজীবী সংগঠন আলাদাভাবে শহরে শোক র‌্যালি ও ফুলবাড়ী সেতুর কাছে স্মৃতিসৌধ চত্বরে স্মরণসভার আয়োজন করে।এদিকে দিবসটি পালন উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল জাতীয় কমিটি, সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, কমিউনিস্ট লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বামপন্থী দলগুলো পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করে।