পার্কের ভেতরেই আধা পাকা একটি ঘর। সাইনবোর্ডে লেখা ‘বর্জ্য ব্যবস্থাপনা অফিস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়ার্ড ১৩।’ অফিসে কোনো লোক নেই। পার্কের মাঝখানে আবর্জনার স্তূপ। এই আবর্জনা কে পরিষ্কার করবে?
রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা দিলকুশায় অবস্থিত এই পার্ক, ২৪ তলা শিল্প ব্যাংক ভবনের বিপরীত দিকে। পার্কটিতে শুধু আবর্জনা নয়, ভবঘুরে আর বখাটের নিত্য আড্ডা জমে। খাবার হোটেল, পুলিশ বক্স, এমনকি গণশৌচাগারও রয়েছে। এলাকার বাণিজ্যিক সংস্থার কর্মকর্তাদের মতে, এ স্থানকে এখন ‘পার্ক’ বললে তা হবে প্রহসন।
গতকাল বুধবার দুপুরে পার্কের উত্তর প্রান্তে অবস্থিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে দরজা খোলা। কার্যালয়ের ধারেই পার্কের ভেতরে রাখা হয়েছে আবর্জনা টানার ট্রলি। মাঝখানে জমা করা হয়েছে বারোয়ারি বর্জ্য।
এখানে-ওখানে বসে আছে ভবঘুরে লোকজন। বেশির ভাগই চুপচাপ। এলাকার একজন দোকানি বলেন, পুলিশ বক্স থাকায় দিনের বেলায় লোকজন কিছু কম থাকে। তবে সন্ধ্যায় পুলিশি তৎপরতা কমে এলে এখানে মাদকসেবনও চলে।
পার্কের দক্ষিণ দিকে মতিঝিল পুলিশ বক্স। তার পাশেই দক্ষিণ-পশ্চিম কোণে ভাতের হোটেল। হোটেলের হাঁড়িপাতিল, বাসনপত্র মাজা-ধোয়ার কাজ চলছে পার্কের ভেতরেই। শৌচাগারের পাশেও কিছু হাঁড়িপাতিল জমা করে রাখা হয়েছে। হোটেলের একজন কর্মচারী বলেন, এখানে অনেক দিন ধরেই তাঁরা আছেন। কেউ বাধা দেয় না বলেই আছেন।
রাজউক সূত্র জানায়, প্রায় এক বিঘা আয়তনের এই খালি জায়গাটি রাজউকের মালিকানাধীন। প্রায় ২০ বছর আগে রাজউক এখানে বহুতল গাড়ি পার্কিং ভবন করার পরিকল্পনা করেছিল। কিন্তু তখন ঢাকা সিটি করপোরেশন এটিকে পার্ক করার প্রস্তাব দেয়। কিন্তু পার্ক না করে সেখানে একটি গণশৌচাগার গড়ে তোলা হয়।
যোগাযোগ করা হলে রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস বলেন, এখানে বহুতল কার পার্কিং করার পরিকল্পনা এখনো বাতিল হয়নি। তবে বর্তমান সময়ের আলোকে কীভাবে তা করা যায়, এ নিয়ে আলোচনা করা হবে। পার্কে আবর্জনা পড়ে থাকাসহ যাবতীয় বিষয়ে আলোচনাও করা হবে।