বহুতল ভবন করতে চায় ডিএনসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান-১ নম্বরে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের সাত বিঘা জমিতে বহুতল বাণিজ্যকেন্দ্র (ট্রেড সেন্টার) নির্মাণের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এ জন্য নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে দুই দফায় চুক্তি করে সিটি করপোরেশন। বেশ কয়েক বছর আগে হওয়া এই চুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, চুক্তি হয়েছিল বেশ আগে। চুক্তি নিয়ে বিভিন্ন ধরনের সংশয় ছিল, চুক্তি কার্যকর হওয়ার মেয়াদও পার হয়ে গেছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে করা মামলা চলমান। মার্কেটের জায়গায় বহুতল ভবন নির্মাণের বিষয়ে আমলাতান্ত্রিক ও আইনি জটিলতা আছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গুলশানে বর্তমান সিটি করপোরেশন মার্কেট ভেঙে সেখানে পিপিপির আওতায় আধুনিক বিপণিকেন্দ্র নির্মাণের জন্য ২০০৩ সালে দরপত্র আহ্বান করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। ওই দরপত্রে অংশ নেয় তিনটি প্রতিষ্ঠান। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে ওই বছর কাজের সম্মতিপত্র দেওয়া হয়। কিন্তু কাজ শুরুর আগেই প্রতিষ্ঠানটি জানায়, তারা কাজটি করবে না।
পরে ডিসিসি পুনরায় দরপত্র আহ্বান না করে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মেট্রো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমিন অ্যাসোসিয়েটস ওভারসিজ কোম্পানিকে কাজটি দেয়। এ চুক্তিতে ডিসিসির মালিকানা রাখা হয় ২৭ শতাংশ এবং আমিন অ্যাসোসিয়েটসের ৭৩ শতাংশ। বিগত চারদলীয় জোট সরকারের সময় এ ব্যাপারে সম্মতি দেওয়া হয়। ২০০৬ সালে ডিসিসি ও আমিন অ্যাসোসিয়েটসের মধ্যে ট্রেড সেন্টার নির্মাণের চুক্তি হয়।
কিন্তু ২০০৭ সালের শুরুতে তত্ত্বাবধায়ক সরকার কাজটি স্থগিত করে এবং চুক্তিতে ডিসিসির মালিকানা বাড়ানোর সুপারিশ করে। তবে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এ ব্যাপারে আর সিদ্ধান্ত হয়নি।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে ২০০৯ সালে এ কাজের জন্য আবার মূল্যায়ন কমিটির সভা ডাকা হয়। আমিন অ্যাসোসিয়েটসের উপস্থিতিতে ওই সভায় ডিসিসির মালিকানা ২৭ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়। নতুন অংশীদারির আলোকে ২০১০ সালে নতুন চুক্তি হয়।
পরে এই চুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জমির মালিক হিসেবে এমন গুরুত্বপূর্ণ স্থানে ভবনের কমপক্ষে ৫০ শতাংশ মালিকানা পেতে পারত অবিভক্ত ডিসিসি। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে গুলশান ট্রেড সেন্টার নির্মাণে বাজারমূল্যের অনেক কম অংশীদারি চুক্তি করে তৎকালীন ডিসিসি।
এ বিষয়ে ডিএনসিসির আইন কর্মকর্তা এস এম মাসুদুল হক প্রথম আলোকে বলেন, এই চুক্তিটির বিষয়ে দুর্নীতির অভিযোগ আছে।
জমির মালিক হিসেবে সিটি করপোরেশন আরও বেশি মালিকানা পেতে পারে। বেশ কয়েক বছর আগে চুক্তি হওয়ায় এটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন আছে।
গত সোমবার দিবাগত রাতে গুলশান ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে মার্কেটের কাঁচা মার্কেট অংশ সম্পূর্ণ ধসে পড়ে। এই অংশে প্রায় ৪০০ দোকান ছিল। ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাঁদের উচ্ছেদ করার জন্য নাশকতামূলকভাবে আগুন লাগানো হয়েছে।
গুলশান কাঁচা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শের মোহাম্মদ বলেন, কয়েক দিন আগেও ব্যবসায়ীদের সিটি করপোরেশনে ডাকা হয়েছিল। নতুন মার্কেটে বর্তমান ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ব্যবসায়ীরা চলে আসেন। এই আগুন ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ।
এসব বিষয়ে কথা বলতে আমিন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে
পাওয়া যায়নি।