বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছে। এখানে গড়ে তোলা হবে বহুতল ভবন। গতকাল রোববার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ভাঙার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জন্য ৬ দশমিক ৯ কাঠার ওপর ১০ তলা ভবন নির্মাণ করা হবে। সেখানে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের অফিসসহ সভাপতি-সাধারণ সম্পাদকের জন্য আলাদা ফ্লোর এবং দু-তিনটি সম্মেলনকক্ষ থাকবে। ভবনটি ভাঙতে লাগবে দুই মাস। দেড় বছরের মধ্যে এই ভবনটির নির্মাণকাজ শেষ হবে। ভবন নির্মাণকাজের সার্বিক বিষয় দেখভাল করবেনও তিনি।
আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেন, ভবনটির নির্মাণব্যয় ধরা হয়েছে ১০-১১ কোটি টাকা। এর ব্যয়ভার বহন করবেন আওয়ামী লীগদলীয় মন্ত্রী, সাংসদ ও দলের সাধারণ সদস্য। অর্থাৎ দলীয় চাঁদার ওপর ভিত্তি করে এই ভবনটি নির্মিত হবে। ২০১৮ সালের জুলাই মাসে নবনির্মিত ভবনে দলীয় কার্যক্রম শুরু হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশবাসী ঐক্যবদ্ধ আছে। যারা সন্ত্রাসকে লালনপালন করে সন্ত্রাসের বীজ বপন করেছে, তাদের রক্ষার জন্য এখন ঐক্যের কথা বলে হচ্ছে। তিনি বলেন, ‘আমার একটু জানার আগ্রহ, ইদানীং কিছু হলেই মানুষ বলে ঐক্য ঐক্য। ঐক্যটা হবে কিসের ওপর ভিত্তি করে?’
গতকাল সকালে গিয়ে দেখা যায়, ভবন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। বড় বড় হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে ভবনের দেয়াল। এ ছাড়া অন্যান্য সহযোগী সংগঠনের টেবিল-চেয়ার, বইপত্র ও সাংগঠনিক কাগজপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় বিভিন্ন ভবন ভাড়া নিয়ে আপাতত দলীয় কার্যক্রম চালাবে বলে জানা গেছে।