বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর মগবাজারে গতকাল শনিবার সকালে ১৭ তলা ভবন থেকে পড়ে ফাতেমা আক্তার (২০) নামের এক গৃহকর্মী মারা গেছেন। পুলিশের ধারণা, ফাতেমা আত্মহত্যা করেছেন।
রমনা থানার পুলিশ জানায়, বড় মগবাজারের রমনা সেঞ্চুরি অ্যাভিনিউ এলাকায় সেঞ্চুরি টাওয়ারের ১৭ তলার একটি ফ্ল্যাটে থাকতেন ফাতেমা। গতকাল সকাল নয়টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে ছাদে যান। এরপর ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ফাতেমা আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ফাতেমা ছাড়াও ওই বাসায় আরও দুজন গৃহকর্মী আছেন।
গতকাল দুপুরে ওই ভবনে গিয়ে দেখা যায়, নিচের রক্তাক্ত স্থান একটি ক্যারম বোর্ড দিয়ে ঢেকে রাখা হয়েছে। ভবনের নিরাপত্তাকর্মী মো. লিটন প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তিনি দৌড়ে গিয়ে দেখেন, নিচে কাত হয়ে পড়ে আছেন ফাতেমা। নাক-মুখ দিয়ে বের হচ্ছে রক্ত। পরে বিষয়টি ভবনের ব্যবস্থাপক জাকির হোসেনকে জানানো হয়। এরপর খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ছাদের চারদিকের রেলিং প্রায় পাঁচ ফুট উঁচু। এক পাশে রেলিংসংলগ্ন একটি পানির ট্যাংক আছে। তাঁর ধারণা, ওই ট্যাংকে উঠে লাফ দিয়েছেন ফাতেমা।
সরেজমিনে জানা যায়, ওই বাসার গৃহকর্তার নাম রফিকুল ইসলাম। পেশায় তিনি জায়গাজমির দলিল লেখক। নারায়ণগঞ্জের ফতুল্লায় তাঁর এ বিষয়ে একটি প্রতিষ্ঠান আছে। তাঁর দুই ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন। সপ্তাহ দুয়েক আগে তাঁর স্ত্রীও দেশের বাইরে মেয়ের কাছে গিয়েছেন। তাই বাসায় রফিকুল ছাড়াও ফাতেমাসহ তিন গৃহকর্মী ছিলেন।
জানতে চাইলে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফাতেমার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। আরও দুই গৃহকর্মী সম্পর্কে ফাতেমার চাচাতো বোন। ফাতেমা আগে তাঁর বাসায় এক বছর কাজ করে চলে যান। তিন মাস ধরে আবারও কাজ শুরু করেছেন। তাঁরও ধারণা, ফাতেমা আত্মহত্যা করেছেন। তবে তিনি নিজেও কারণ বলতে পারছেন না। ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। চিৎকার-চেঁচামেচি শুনে তিনি জেগে উঠে ঘটনা শুনতে পান।
এসআই শফিউল বলেন, ‘আপাতত আমরা আত্মহত্যা হিসেবেই ধরে নিচ্ছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনা সম্পর্কে গৃহকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকে তথ্য নেওয়া হবে।’