বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ সোমবার পৃথক দুটি ঘটনায় বহুতল ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।

সূত্র জানায়, আজ সোয়া চারটার দিকে রাজধানীর নবাবপুর রোড পাইপ মার্কেটের পাশে একটি নির্মাণাধীন ভবনের নবম তলায় কাজ করার সময় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান রাজমিস্ত্রি আবুল কাশেম (৪০)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কাশেমের গ্রামের বাড়ি নাটোর সদরে।
জানতে চাইলে ওয়ারি থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনা শুনেছি। তবে বিস্তারিত তথ্য পাইনি। ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে আজ দুপুর ১২টার দিকে শেরে বাংলা নগরে আগারগাঁও বিএনপি বাজারের নির্মাণাধীন ভবনের ১৩ তলায় কাজ করার সময় নিচে পড়ে যান বায়তুল্লাহ (১৮) নামের এক শ্রমিক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরেবাংলা নগর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শাহজাহান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।