
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের এক ধনাঢ্য ব্যক্তি ‘ভুয়া তথ্য’ দিয়ে ৩ একর ৬১ শতাংশ সরকারি জমি ইজারা নিয়েছেন। ইজারার শর্ত ভঙ্গ করে ওই জমিতে বহুতল পাকা ভবন নির্মাণ করেছেন। এ ছাড়া পুকুর খনন ও সরকারি খাল ভরাট করেছেন।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভূমি কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম আবদুর রব সরদার। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সাবেক সভাপতি। ২০০৭ সালে গোবর্দ্ধন গ্রামের ওই সরকারি জমি তিনি ১ বছরের জন্য ইজারা নেন। তখন হলফনামায় নিজেকে অশিক্ষিত ও কৃষিজীবী বলে উল্লেখ করেন। ইতিমধ্যে ইজারা নেওয়া ভূমির প্রকৃতি পরিবর্তন করেছেন।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, আবদুর রব ইজারা নেওয়া ওই জমিতে দোতলা পাকা ভবন নির্মাণ করে বসবাস করছেন। এ ছাড়া ৫০ শতাংশ জমিতে পুকুর খনন করেছেন। তিনি এ বছর ১ একর ৬৫ শতাংশ সরকারি খাল ভরাট করেছেন।
আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন বাসিন্দা গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আবদুর রবের একাধিক ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তি। তিনি ভুয়া তথ্য ও ‘ঘুষ’ দিয়ে ওই সরকারি সম্পত্তি ইজারা নেন। বর্তমানে এ জমির মূল্য অন্তত পাঁচ কোটি টাকা হবে। তিনি ওই জমিতে পাঁচতলা ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে দোতলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
একই গ্রামের কামাল হোসেন, মানিক সরদার ও দুলাল মিয়া বলেন, প্রায় শত বছর ধরে এলাকাবাসী এই খালের পানি সেচ কাজে ব্যবহার করছে। বাবা ও ছেলে ক্ষমতার দাপট দেখিয়ে খালটি ভরাট করেছেন। এ কারণে গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
একই গ্রামের বাসিন্দা মিলন সরদার, সোনামদ্দিন সরদারসহ কয়েকজন বলেন, বাবা-ছেলে মিলে ইতিমধ্যেই ইজারা নেওয়া জমি থেকে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান গাছ কটে বিক্রি করেছেন।
বৃহস্পতিবার জানতে চাইলে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. মিজানুর রহমান বলেন, ওই জমির মালিক ছিলেন সুভাষিণী দেবী নামের এক নারী। তিনি ১৯৬৫ সালে ভারত চলে যান। ১৯৭০ সালে এক আদেশে তা সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আবদুর রব জানান, তিনি ওই জমি ইজারা নিয়েছেন। প্রতিবছর ইজারা নবায়নও করছেন। তবে তিনি দাবি করেন, ‘আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। ইজারা নেওয়া ভূমিতে পাকা ভবন করা নিষেধ, তা জানা ছিল না।’ খাল ভরাট প্রসঙ্গে বলেন, খালটি সচল ছিল না।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ বাড়ৈ জানান, আবদুর রব এক সময় সভাপতি ছিলেন। পরে তিনি অন্য কোনো পার্টিতে যোগ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ বলেন, সরেজমিনে অনিয়ম ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভূমির শ্রেণি পরিবর্তনসহ সব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইউএনও মো. মাহবুব আলম জানান, শর্ত ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।