বহুতল ভবনকে চার লাখ টাকা জরিমানা
পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে রাজধানীর গুলশানে ১৪ তলা একটি ভবনকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণের কাজ শুরু করা এবং রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রাখায় সিক্স সিজন অ্যাপার্টমেন্ট লিমিটেড নামের ওই ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানকে এই দণ্ড দেওয়া হয়। ভবনটির সামনে রাখা জেনারেটরের জন্য পূর্বানুমতি নেওয়ার বিধান থাকলেও প্রতিষ্ঠানটি তা নেয়নি। গতকাল ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান সিক্স সিজন অ্যাপার্টমেন্ট লিমিটেডের প্রতিনিধি পরিবেশ অধিদপ্তরে এসে দোষ স্বীকার করে ভবিষ্যতে নিয়ম মেনে ভবন নির্মাণের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। ওই শুনানিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ও উপপরিচালক মোস্তাফিজুর রহমান। মো. আলমগীর বলেন, পরিবেশ অধিদপ্তর নিয়মিত অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। তবে শুধু পরিবেশ অধিদপ্তরের পক্ষে পরিবেশ অবক্ষয় রোধ সম্ভব নয়। এর জন্য মালিক, ডেভেলপার ও জনসাধারণকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।