বহুতল ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ সারা দেশে বহুতল ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠানবিষয়ক সংসদীয় কমিটি। প্রয়োজনে এ ব্যাপারে একটি আইন প্রণয়নেরও সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠানবিষয়ক সংসদীয় কমিটির এক সভায় এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় মাইনুদ্দিন খান বাদল, এস কে আবু বাকের, বজলুল হক হারুন ও আমেনা বেগম উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সংসদ ভবন মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার উত্সাহিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। বিশেষ করে বহুতল ভবনগুলোতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পর্যায়ক্রমে সংসদ ভবনকেও সৌরবিদ্যুতের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি বলেন, এক-দেড় কোটি টাকা দিয়ে যাঁরা ফ্ল্যাট বানাতে পারেন, তাঁরা সৌরবিদ্যুৎ প্ল্যান্ট বসাতে পারবেন না কেন? চলমান বিদ্যুতের সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার কিছুটা ফলদায়ক হতে পারে।