বহুতল ভবনের জন্য চট্টগ্রামে পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের শুলকবহর এলাকার আবদুল লতিফ সড়ক ও পাখির দোকান এলাকায় মাত্র ১০০ গজ দূরত্বের মধ্যে দুটি জলাশয় ভরাট করা হচ্ছে। বহুতল ভবন নির্মাণের জন্য শতবর্ষী পুকুর দুটি ভরাট করা হচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে পাখির দোকান এলাকার পুকুরের একাংশ ভরাট করে সীমানাদেয়াল দেওয়া হয়েছে।জলাশয় ভরাট করতে হলে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন লাগে। কিন্তু ভরাটকারীরা এ ধরনের কোনো অনুমোদন নেয়নি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ ধরনের কোনো অনুমোদন দেয়নি।সরেজমিনে জানা গেছে, আবদুল লতিফ সড়কের আল জামেদাতুল মাদানিয়া কাশেফুল উলুম মাদ্রাসার পাশে শুলকবহর জামে মসজিদ। এ মসজিদসংলগ্ন শতবর্ষী পুকুরটির আয়তন প্রায় ৩০ শতক। পুকুরের মধ্যে টিনের বাঁধ দিয়ে বালু ফেলা হচ্ছে।অভিযোগ পাওয়া গেছে, মসজিদের মোতোয়ালি আবদুল কাদের ও তাঁর ছেলে মো. সালাহউদ্দিন এ পুকুর ভরাট করে যাচ্ছেন। বেশির ভাগ সময় রাতেই চলে ভরাটকাজ। পুকুরটির দক্ষিণাংশে সদ্য বালু ফেলা হয়েছে। কে পুকুর ভরাট করছেন, জানতে চাইলে মসজিদের ইমাম নেয়ামত উল্লাহ বলেন, ‘মোতোয়ালি আবদুল কাদের ভালো বলতে পারবেন। তিনিই এসব দেখাশোনা করেন। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোতোয়ালি কী কারণে এটা ভরাট করছেন, সেটা তিনিই ভালো জানেন।’মোতোয়ালির ছেলে সালাহউদ্দিন বলেন, ‘আমরা পুকুরের মধ্যে টিনের বাঁধ দিয়ে কিছু অংশ ভরাট করছি। ভরাট করার জন্য আমরা ফায়ার সার্ভিস থেকে অনুমতি নিয়েছি। তবে পরিবেশ অধিদপ্তর বা সিডিএ থেকে অনুমতি নিইনি।’ কিন্তু ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করে।জানা গেছে, মসজিদ পুকুরের ভরাটকাজ শুরু হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা এ ঘটনার প্রতিবাদ জানান। স্থানীয় ব্যক্তিদের তৎপরতায় একপর্যায়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন এসে পুকুরের ভরাটকাজ বন্ধ করে দেন। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. রুহুল আমিন বলেন, ‘পুকুর ভরাট নিষিদ্ধ। পাঁচলাইশ এলাকার কয়েকটি পুকুর ভরাট বন্ধে আমি পুলিশের সহযোগিতা চেয়েছি। কোনো ধরনের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। এভাবে পুকুর ভরাট করা হলে ভবিষ্যতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। কারণ, এ এলাকায় পানির আর কোনো উৎস নেই।’