বহুত্ববাদী সমাজ গঠনের আহ্বান অজয় রায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের সর্বস্তরে সব নাগরিক যেন সম-অধিকার ভোগ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়। তিনি বলেন, ‘যদি রাষ্ট্রের বা সমাজের জনগণের কোনো অংশ বা গোষ্ঠী অনুভব করে যে তারা তাদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং কোনো বৈষম্যমূলক আইন দ্বারা শাসিত হচ্ছে, তাহলে রাষ্ট্র বা সমাজের অস্তিত্ব মূল্যহীন।’
গতকাল শুক্রবার ‘দক্ষিণ এশিয়ায় মৌলবাদ, সাম্রাজ্যবাদ ও নারী-প্রতিরোধ’ শীর্ষক এক সম্মেলনে অধ্যাপক অজয় রায় এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে বাংলার পাঠশালা ফাউন্ডেশন।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। এতে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও আইনজীবী আমীর-উল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা কেউ আসেননি।
উদ্বোধনী পর্বের পর আবুল বারকাত ‘মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি বিচার-প্রসঙ্গে’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তাতে তিনি বলেন, বাংলাদেশে ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা উগ্র রূপ ধারণ করেছে। এ সাম্প্রদায়িকতা অর্থনৈতিক ক্ষমতাভিত্তিক রাজনৈতিক প্রক্রিয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে প্রয়োগ করে জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলে উদ্যত। এ জন্য তাঁরা অভ্যন্তরীণ শক্তি ও সাম্রাজ্যবাদ সংশ্লিষ্ট বাইরের শক্তির সহযোগিতা নিচ্ছে।