বহুমুখী যন্ত্রণায় নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা আর দুঃসহ যানজটে গতকাল সোমবার প্রায় দিনভর চরম ভোগান্তিতে ছিল রাজধানীর মানুষ। অল্প সময়ে অস্বাভাবিক বৃষ্টিপাত ও জলজটের কারণে সকাল থেকেই তীব্র যানজট দেখা দেয় নগরের বিভিন্ন স্থানে। যানজট আরও অস্বাভাবিক আকার ধারণ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল ও অন্য কর্মসূচির কারণে। এক অর্থে গতকাল মানুষের দুর্ভোগ ছিল বহুমুখী৷
গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত কখনো মুষলধারে, কখনো মাঝারি বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর অর্ধেকেরও বেশি এলাকায়। অল্প সময়ে পানি অনেক এলাকা থেকে নেমে গেলেও ফকিরের পুল, আরামবাগ, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, পুরান ঢাকার অভয় দাস লেন, কে এম দাস লেন, মিরপুরের কিছু এলাকায় বিকেল পর্যন্ত জমে থাকতে দেখা যায়। আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে, গতকাল সকালে দুই ঘণ্টায় বৃষ্টি হয় ৩৭ মিলিমিটার। সন্ধ্যা ছয়টায় ১২ ঘণ্টার বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায় মোট ৩৮ মিলিমিটার।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের কারণে যানজটে নগরবাসীর ভোগান্তির জন্য গতকাল জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি৷
স্থবির রাজধানী, দুর্ভোগ: শোভাযাত্রার সময় নির্ধারিত ছিল বিকেল তিনটায়। দুপুর ১২টার পরই নেতা-কর্মীরা শাহবাগ-মত্স্য ভবনের মধ্যের সড়কে অবস্থান নিতে থাকেন। তিনটার আগেই এ পথ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে নেতা-কর্মীরা শাহবাগ মোড় পর্যন্ত অবস্থান নেন। এতে ওই পথের যানবাহনগুলো বিকল্প পথে গিয়ে যানজটে পড়ে।
একদিকে বিকল্প পথে অধিক যানের চাপ, অন্যদিকে সড়ক ধরে আসা খণ্ড খণ্ড মিছিলে বিকেল নাগাদ রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, সায়েন্স ল্যাবরেটরি, বাংলামোটরসহ আশপাশের এলাকা স্থবির হয়ে পড়ে। বিকেল পাঁচটার দিকে শোভাযাত্রা শুরু হলে বিকল্প পথেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বাসে, গাড়িতে ও অন্য যানবাহনে থাকা ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়ে। বিশেষ করে বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসা রোগী ও রোগীর স্বজনেরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ে।
বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগ মোড় পার হতে আধা ঘণ্টারও বেশি সময় নেয়৷ এ সময় শাহবাগের চারটি মুখেই যানবাহন আটকা পড়ে।
কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা ও বাইরের বাসগুলো উদ্যানের আশপাশের রাস্তায় পার্ক করা হয়। এতে যানজট আরও বেড়ে যায়।
বহুমুখী যন্ত্রণা: সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলের দক্ষিণে হাটখোলা আনসার ক্যাম্পের কাছে পানিতে তলিয়ে যাওয়া ভাঙা রাস্তায় রিকশা উল্টে আহত হয় এক ছাত্রী ও তার মা। তারা হাটখোলা কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে যাচ্ছিল। মা আফরাফুন্নেসা বলেন, জরুরি দরকারে মেয়েকে নিয়ে তিনি স্কুলে যাচ্ছিলেন। ময়লা পানিতে পড়ে আঘাত পাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে, খাতাপত্র নষ্ট হয়ে গেছে। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে রাস্তা মেরামতের কাজ চলতে দেখেছেন। এরই মধ্যে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
অনেক এলাকায় অন্য যানবাহন না পেয়ে যাত্রীদের কেউ কেউ ভ্যানে উঠে পড়েন৷ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত আবদুর রশিদ জানান, সকালে মতিঝিলে আসার পথে শান্তিনগর মোড়ে তাঁর মোটরসাইকেল বিকল হয়ে যায়। কোমরপানি ভেঙে পুরো পথ মোটরসাইকেল টেনে অফিসে আসতে হয়।
এ ছাড়া মিরপুরের গোলচত্বর থেকে কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, মিরপুর ১২, ১৩ ও ১৪ নম্বর সেকশন এলাকা, নয়াপল্টন, পুরানা পল্টন, কাকরাইল, শুক্রাবাদ, বকশীবাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়।
মগবাজার মোড়, মৌচাক ও শান্তিনগর এলাকা দিয়ে যাতায়াতকারী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহনের জন্য। মৌচাক-মগবাজার এলাকার নির্মীয়মাণ উড়ালসড়কটি প্রায় দিনভরই ছিল যানজটের যন্ত্রণা।
মহাখালী উড়ালসেতুর নিচে ও ওপরে দিনভর, এমনকি রাতেও তীব্র যানজট ছিল। রাত সোয়া আটটার দিকে ভুক্তভোগী এক যাত্রী প্রথম আলোয় ফোন করে জানান, বনানী রেডিসনের সামনে থেকে মহাখালী উড়ালসড়কের শেষ পর্যন্ত যানজট। এ সময় প্রচুরসংখ্যক যাত্রীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জলাবদ্ধতার পরিবর্তে গতকালের যানজটের জন্য প্রধান কারণ হিসেবে আওয়ামী লীগের কর্মসূচিকে দায়ী করেন ঢাকা ওয়াসার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা। উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ায় নগরের কিছু এলাকায় কিছু সময় জলজট ছিল। তিনি আরও বলেন, বৃষ্টির মধ্যেই ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা রাস্তায় মাঠপর্যায়ে কাজ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷