
শ্রেণিকক্ষ ও শিক্ষেকর সংকট, ঠিকমতো ক্লাস না হওয়া, ব্যাপক অনুপস্থিতি, ছাত্রাবাসে আসনের তিন গুণ ছাত্র থাকায় পড়াশোনার পরিবেশ না থাকা—এর সবই আছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজে। একসময় উচ্চমাধ্যমিক শিক্ষার সাফল্যের জন্য সবার আগে নাম থাকলেও সেই ঐতিহ্য হারিয়েছে কলেজটি। এখন উচ্চমাধ্যমিকের চেয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরেরই প্রাধান্য কলেজটিতে।
শিক্ষার্থীর তুলনায় ছোট গ্রন্থাগার, বিভাগীয় সেমিনারকক্ষেও নেই পর্যাপ্ত বই। এসব সংকটে পড়াশোনার মানও আগের মতো নেই। এই কলেজের প্রতিষ্ঠা ১৮৪১ সালে। উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলের জন্য একসময় শুধু দেশের সেরা মেধাবীরাই নন, বিদেশি ছাত্ররাও পড়তেন এই কলেজে। তাঁরা থাকতেন কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসে। এখন আর বিদেশিরা আসেন না।
১৯৯০-এর পর কলেজে ছাত্ররাজনীতিতে দখলদারি, ভর্তিতে হস্তক্ষেপ ও সংঘাত-সংঘর্ষ, তদবির করে শিক্ষকের বদলির সংস্কৃতি চালুসহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড শুরু হওয়ার পর কলেজের শিক্ষার মান খারাপ হতে শুরু করে। ১৯৯৫-৯৬ সালের পর উচ্চমাধ্যমিকে ফলাফল খারাপ হতে থাকে। তখন থেকে কলেজটির প্রতি উচ্চমাধ্যমিকের মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহও হারাতে থাকে।

গত দুই মাসে তিন দিন কলেজে গেলে শিক্ষক-ছাত্ররা বললেন, বিভিন্ন সমস্যার কারণে ঢাকা কলেজের ঐতিহ্য এখন একেবারে শেষ পর্যায়ে গেছে। জানতে চাইলে অধ্যক্ষ মোয়াজ্জম হোসেন মোল্লাহ্ গত আগস্ট মাসে প্রথম আলোকে বলেন, কলেজের ঐতিহ্য ফিরিয়ে
আনতে তাঁরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। উচ্চমাধ্যমিকের ছাত্রদের নিবিড় তদারক কমিটির মাধ্যমে দেখভাল করা হচ্ছে। এতে দুই-তিন বছর ধরে ফলও ভালো হচ্ছে। শ্রেণিকেক্ষর সংকট মেটানোর জন্য একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে এটা ঠিক যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘন ঘন পরীক্ষা এবং শ্রেণিকক্ষ সংকটের কারণে ক্লাস নিতে সমস্যা হচ্ছে।
কলেজটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর মিলিয়ে বর্তমানে ছাত্রসংখ্যা প্রায় ১৮ হাজার। উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে আসন আছে ১ হাজার ১৫০। আর ১৯টি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পড়ানো হয়। স্নাতক ও স্নাতকোত্তরে প্রতি বর্ষে ২০০ থেকে ৩০০ শিক্ষার্থী আছেন। কলেজে নয়টি গ্যালারিসহ (উচ্চমাধ্যমিকের ক্লাস হয়) মোট শ্রেণিকক্ষ আছে ৪২টি। কিন্তু ৩৩টি শ্রেণিকক্ষের প্রায় অর্ধেকই আকারে ছোট। ছোট কক্ষে বেশি হলে ৮০ জন বসতে পারেন। ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষক বললেন, তাঁদের বিভাগে স্নাতকে (সম্মান) প্রতিবছর প্রায় ৩০০ শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। ইংরেজিতে ২৪০। অথচ কোনো বিভাগেই শাখা নেই। অধিকাংশ বিভাগেরই নিজস্ব শ্রেণিকক্ষ দুটি। ফলে অনেক সময় সময়সূচি ধরে ক্লাস নেওয়া যায় না।
কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক বললেন, ছাত্র অনুপাতে শ্রেণিকক্ষ প্রয়োজন বর্তমানের দ্বিগুণ। বাংলা বিভাগের একজন শিক্ষক বললেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ অনুযায়ী বছরজুড়ে বিভিন্ন পরীক্ষা থাকায় স্নাতক ও স্নাতকোত্তরে তিন থেকে চার মাসের বেশি ক্লাস নেওয়া যায় না। এর সঙ্গে আবার এইচএসসি পরীক্ষা আছে। ফলে স্বতন্ত্র পরীক্ষার হল ছাড়া ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব নয়।
শিক্ষার্থী অনুপস্থিতি ব্যাপক: কলেজের স্নাতক ও স্নাতকোত্তরে বড় একটি সমস্যা হলো ক্লাসে ছাত্রদের ব্যাপক অনুপস্থিতি। গত ১১ আগস্ট অর্থনীতি বিভাগের পাশের শ্রেণিকক্ষে দেখা যায়, মাত্র সাতজন ছাত্র নিয়ে ক্লাস হচ্ছে। পাশের একটি শ্রেণিকক্ষেও সাত-আটজন ছাত্র দেখা গেল। অথচ এই কলেজে প্রতিটি বিষয়েই ২০০-এর কমবেশি শিক্ষার্থী আছেন। এর মধ্যে অর্থনীতিতে প্রতিবছর ভর্তি হন ২৩৫ জন। পরীক্ষার জন্য ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করেও উপস্থিতি বাড়ানো যাচ্ছে না। একজন শিক্ষক বললেন, কাগজপত্রে ৬০ শতাংশ উপস্থিতি না হলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার কথা থাকলেও বাস্তবে এটি মানা হয় না। এটি মানলে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এ জন্য এ বিষয়টি নমনীয়ভাবে দেখা হয়।
সম্প্রতি রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তারিকুর রহমান ও একরামুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা ক্লাস নিতে চান, কিন্তু সময়সূচি অনুযায়ী ক্লাস না হওয়ায় এবং ঘন ঘন পরীক্ষা থাকায় দূর-দূরান্তের শিক্ষার্থীরা নিয়মিত আসেন না। বাড্ডার এক ছাত্র বলেন, অনেক দূর থেকে এসে যখন দেখা যায় দুটি ক্লাসের একটি হচ্ছে না, তখন পরে আসতে আর মন চায় না। ঠিকমতো ক্লাস না হওয়ায় প্রাইভেট পড়ে ঘাটতি মেটাতে হয়। প্রাইভেট পড়তে কোর্সপ্রতি দুই হাজার টাকা দিতে হয়।
শিক্ষার্থী অনুপাতে শিক্ষক কম: কলেজে প্রায় ১৮ হাজার ছাত্রের বিপরীতে শিক্ষকের পদ আছে ২০০টি। এসব পদও এরশাদ সরকারের আমলে ১৯৮৪ সালে করা এনাম কমিটির সুপারিশের আংশিক। এই সুপারিশ ছিল তখনকার প্রেক্ষাপটে। এখন ছাত্র বেড়েছে কয়েক গুণ। এরপরও গত মাস পর্যন্ত এই কলেজে ১৭টি প্রভাষক ও দুটি অধ্যাপকের পদ শূন্য ছিল। তবে সংযুক্তি (অন্যত্র পদায়ন কিন্তু সাময়িক সময়ের জন্য এই কলেজে) শিক্ষক আছেন ৫১ জন। সবার জন্য বাধ্যতামূলক ইংরেজি বিভাগে ১২টি পদের মধ্যে শিক্ষক আছেন ১০ জন। ইংরেজির একজন শিক্ষক বললেন, উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত (একটি কোর্স সবার পড়তে হয়) ক্লাস নিতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হয়।
এনাম কমিটির সুপারিশ অনুযায়ী যেসব বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর আছে, সেগুলোতে কমপক্ষে ১২ জন শিক্ষক থাকার কথা। কিন্তু মনোবিজ্ঞানে ৮, পরিসংখ্যানে ৯, উদ্ভিদবিদ্যায় ৯, দর্শনে ৯ ও ইসলামের শিক্ষা বিভাগে শিক্ষকের পদ আছে সাতটি। শিক্ষকের এই তথ্য গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি কলেজগুলোতে নিয়মিত বদলি হওয়ায় এখন তথ্যটি সামান্য হেরফের হতে পারে। এনাম কমিটির সুপারিশের পর ১৯৮৭ সালে আরেকটি সমীক্ষা কমিটির প্রতিবেদনে যেসব বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর আছে, সেগুলোতে ১৬ জন শিক্ষকের সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেটি অকার্যকর। ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের একজন শিক্ষক বলেন, যখন এনাম কমিটির সুপারিশ করা হয়েছিল, তখন স্নাতক (সম্মান) কোর্স ছিল তিন বছরের, যা এখন চার বছর হয়েছে। এ ছাড়া কোর্সের নম্বরও বেড়েছে। ফলে ক্লাস বেড়েছে, কিন্তু শিক্ষক বাড়েনি। ফলে সমস্যা হচ্ছে।
কয়েকজন শিক্ষক অভিযোগ করলেন, এই কলেজে শিক্ষকদের একটি বড় অংশ বদলি হয়ে আসেন ‘তদবির’ ও ‘রাজনৈতিক বিবেচনায়’। ভালো শিক্ষকের ঘাটতির এটি একটি বড় কারণ। অথচ এখানে একসময় আখতারুজ্জামান ইলিয়াস, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের মতো নামকরা শিক্ষকেরা পড়াতেন। কয়েকজন শিক্ষক উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আলাদা শিক্ষক রাখার দাবি জানালেন। কলেজে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাও চাহিদার চেয়ে অনেক কম।
কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, দুই-তিন বছর ধরে কলেজে এইচএসসির ফল আগের চেয়ে ভালো হচ্ছে। কিন্তু পরিসংখ্যান বলছে উল্টো কথা। ২০১৪ সালেও যেখানে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছিলেন ৭৩৯ জন শিক্ষার্থী, সেখানে এ বছর এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৫৯৯ জন। এর মধ্যে ৫৭০ জনই বিজ্ঞানের শিক্ষার্থী। এ ছাড়া ব্যবসায় শিক্ষায় ২৪ জন ও মানবিক শাখায় মাত্র ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ২০১৩ সালেও এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৮৬ জন। অথচ নব্বইয়ের পরেও তিন-চার বছর এই কলেজের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের মেধা তালিকায় প্রথম দিকে থাকতেন। আর নব্বইয়ের আগে এইচএসসিতে সেরা ২০ জনের অধিকাংশই থাকতেন এই কলেজের শিক্ষার্থী।
কলেজের কয়েকজন শিক্ষক বললেন, স্নাতকের (সম্মান) ওপর জোর দিতে গিয়ে উচ্চমাধ্যমিকের ওপর নজর কমে। অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে ১৯৯৫ সালের দিকে কলেজ থেকে উচ্চমাধ্যমিক উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন আবার উচ্চমাধ্যমিকের ওপর জোর দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের চিহ্নিত করার লক্ষ্যে আলাদা পোশাক বাধ্যতামূলক করে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাঈদ মো. শিফাত মোর্শেদ নামের এক ছাত্র বলল, এখন উচ্চমাধ্যমিকে ক্লাস ভালোই হয়, তবে ইংরেজি ক্লাসে ঠিকমতো বুঝতে না পারায় তাকে বাসায় প্রাইভেট পড়তে হয়।
ছাত্রাবাসে গাদাগাদি বসবাস: কলেজের ছাত্রাবাস আটটি। এর মধ্যে নবনির্মিত শহীদ শেখ কামাল ছাত্রাবাসটি সম্প্রতি চালু হয়েছে। বাকি সাতটিতে প্রায় ৮০০ আসন আছে, তবে থাকেন এর কয়েক গুণ বেশি। ফরহাদ হোসেন ছাত্রাবাস ছাড়া বাকিগুলোর সংস্কার করা হয়নি দীর্ঘদিন। আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসটিকে প্রকৌশলীরা পরিত্যক্ত করার সুপারিশ করলেও ছাত্ররা সেখানে ঝুঁকি নিয়েই বাস করছেন। এই ছাত্রাবাসের ২০৯ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, ছাদের আস্তর উঠে রড বেরিয়ে এসেছে। এই কক্ষের এক ছাত্র বললেন, ছাত্রাবাসে থাকতে পারলে খরচ কম হয়, তাই এমন পরিস্থিতিতেও থাকছেন।
দক্ষিণ ছাত্রাবাসে প্রায় প্রতিটি কক্ষে মেঝেতেও থাকেন শিক্ষার্থীরা। ৩২১ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, তিন আসনের এই কক্ষে থাকেন ১২ জন। কোনো ছাত্রাবাসেই পাঠকক্ষ নেই। ২০২ নম্বর কক্ষের এক ছাত্র বললেন, তাঁদের কক্ষে থাকেন ১৩ জন। ফলে সেখানে পড়ার মতো কোনো পরিবেশ নেই। অন্যান্য ছাত্রাবাসেও পরিবেশটি কমবেশি একই ধরনের। সম্প্রতি একদিন সমাজবিজ্ঞানের ছাত্র সাইফুর রহমানকে দেখা গেল অর্থনীতি বিভাগের পাশের বারান্দার একটি বেঞ্চে বসে পড়ছেন। তিনি থাকেন দক্ষিণ ছাত্রাবাসে। বললেন, সেখানে পড়ার পরিবেশ না থাকায় সকাল ৮টা ৫ মিনিটে গ্রন্থাগারে গিয়েও জায়গা পাননি। তাই এখানে বসে পড়ছেন।
কয়েকজন ছাত্র জানালেন, ছাত্রাবাসে উঠতে হলে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাদের মাধ্যমে উঠতে হয়। এই সংস্কৃতি এখন স্বাভাবিক বিষয় হয়ে গেছে।
কলেজের অধ্যক্ষ বললেন, ছাত্রাবাসের ছাত্রদের পড়ার সুবিধার্থে কলেজের দুটি শ্রেণিকক্ষ বিকেল থেকে রাত ১০-১১টা পর্যন্ত খোলা রাখা হয়।
ঢাকার বাইরে থেকে আসা যেসব ছাত্র ছাত্রাবাসে থাকার সুবিধা পান না, তাঁদের বাধ্য হয়ে মেস করে থাকতে হয়। তাঁদের একজন রসায়নের তারিকুর রহমান বললেন, তিনি থাকেন ফার্মগেটে। মেস ভাড়া দিতে হয় ২ হাজার ২০০ টাকা। খাবার-যাতায়াতসহ সব মিলিয়ে মাসে ৮ হাজার টাকা খরচ হয়।
নাজমুল ইসলাম নামের এক ছাত্র বললেন, কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন খাতে ফি নিলেও সেই সুবিধা তাঁরা পান না। যদি সবকিছু স্বচ্ছভাবে হতো, তাহলে কলেজের এত সমস্যা থাকত না। তাঁর মতে, এই কলেজকে অন্যান্য কলেজের সঙ্গে তুলনা না করে এর অতীত ইতিহাসের সঙ্গে তুলনা করলে বোঝা যাবে কলেজটির অবস্থা কেমন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র অধ্যাপক নজরুল ইসলাম কিছুদিন আগে প্রথম আলোকে বলেন, বহুকাল ঢাকা কলেজ সেরা ছিল। সমৃদ্ধ ঐতিহ্য এখন আর অতটা নেই। অন্যান্য সমস্যার পাশাপাশি এর বড় কারণ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি এবং তদবির ও স্বজনপ্রীতি করে শিক্ষক বদলি। যেসব কারণে সমস্যা তৈরি হয়েছে, সেগুলো মোকাবিলা করে সঠিকভাবে পরিকল্পনা করে কাজ করলে আবারও কলেজটি যেটুকু ঐতিহ্য ধরে রেখেছে, সেটাকে আরও ভালো করতে পারবে।