বহুমূত্র আক্রান্ত শিশুদের ক্লিনিকের উদ্বোধন
বাংলাদেশে বহুমূত্র (ডায়াবেটিস) রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য একটি ক্লিনিকের উদ্বোধন করেছেন ডেনিশ যুবরাজ ফ্রেডেরিক। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচার দ্বিতীয় বারডেম হাসপাতালে তিনি এই ক্লিনিকের উদ্বোধন করেন। বিকেলে ক্লিনিকটি উদ্বোধনের জন্য বারডেম হাসপাতালে এসে পৌঁছালে শিশুরা ডেনিশ যুবরাজকে স্বাগত জানায়। তিনি ক্লিনিকটি উদ্বোধন করে বলেন, ‘এই মুহূর্তে আমার খুব ভালো লাগছে। শিশুদের সহায়তার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।’ চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন (সিডিআইসি) শীর্ষক কর্মসূচির আওতায় এই ক্লিনিকটি স্থাপন করেছে ডেনমার্কের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক। এতে সহায়তা দিচ্ছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)। ঢাকা ছাড়া এই কার্যক্রমের আওতায় চট্টগ্রাম ও ফরিদপুরে দুটি ক্লিনিক আছে। এসব ক্লিনিক থেকে মূলত শিশুদের বিনা মূল্যে ইনসুলিন সরবরাহ করা হয়ে থাকে। বাডাস সূত্রে জানা গেছে, বাংলাদেশের শিশুরা টাইপ-১ জাতীয় বহুমূত্রে আক্রান্ত হয়। আক্রান্ত শিশুরা ইনসুলিন ছাড়া বাঁচে না। সিডিআইসি কর্মসূচির আওতায় আক্রান্ত শিশুদের ইনসুলিন দেওয়াসহ প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্লিনিক উদ্বোধনের সময় ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং, বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির সভাপতি আজাদ খান, মহাসচিব সাইফুদ্দিন আহমেদ, নভো নরডিস্ক ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেসপার হল্যান্ড এবং ওশানিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব শিশু উপস্থিত ছিলেন। পরে ডেনিশ যুবরাজের সফর ও ক্লিনিক উদ্বোধন নিয়ে রাজধানীর একটি হোটেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন নভো নরডিস্ক কর্মকর্তা জেসপার হল্যান্ড। তিনি বলেন, ‘বাংলাদেশে যেভাবে ডায়াবেটিসের চিকিৎসা হয় তাতে আমি মুগ্ধ।...আমরা চাই না ইনসুলিনের অভাবে একটি শিশুও মারা যাক। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এখানে এসে শিশুর জন্য বিনা মূল্যে ইনসুলিন ও চিকিৎসাসেবা পাবেন।’ বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির সভাপতি আজাদ খান বলেন, বাংলাদেশে বহুমূত্র রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। তাই আমরা চিকিৎসা দেওয়ার পাশাপাশি সবাইকে সচেতন করার চেষ্টা করছি।’আয়োজকেরা জানান, নতুন এই ক্লিনিকটি চালু হওয়ার ফলে এখন আগের চেয়ে অনেক বেশি শিশুকে সেবা দেওয়া যাবে। ভবিষ্যতে সিডিআইসির আওতায় ৫০টি ক্লিনিক প্রতিষ্ঠিত হবে। ডেনমার্কভিত্তিক নভো নরডিস্ক বিশ্বব্যাপী কার্যক্রম থাকা একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৮৮ বছর ধরে বিশ্বে বহুমূত্র চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশে তাদের তৈরি ইনসুলিন বাজারজাত করে ট্রান্সকমের প্রতিষ্ঠান এসকেএফ।