বা ণি জ্য স ং বা দ
সেভেন রিংস সিমেন্টের দ্বিতীয় ফ্যাক্টরি
খুলনায় সেভেন রিংস সিমেন্টের দ্বিতীয় ফ্যাক্টরি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। সুন সিং সিমেন্ট মিলস লিমিটেড নামে এ ফ্যাক্টরির উদ্বোধন করেন সুন সিং গ্রুপের চেয়ারম্যান এম কামাল এ পাশা। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীরসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
কর্মসংস্থান ব্যাংকের সম্মেলন ও সভা
কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবনে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আখতার জামিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ইকবাল। ২০১৩-১৪ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকটি ২০৯ কোটি ৯১ লাখ টাকা ঋণ বিতরণ করে। বিজ্ঞপ্তি।
আইডিএলসি-এফএমও পাঁচ বছরের চুক্তি
আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স সম্প্রতি ডেনমার্কের উন্নয়ন সহযোগী ব্যাংক এফএমওর সঙ্গে ২০ মিলিয়ন ডলারের পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি করেছে। বাংলাদেশে ২৫ বছর ধরে কাজ করা এফএমও এই প্রথমবার কোনো আর্থিক প্রতিষ্ঠানকে সহযোগিতা দিল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএমওর জ্যেষ্ঠ বিনিয়োগ কর্মকর্তা রজার হেনেকেনস এবং আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। বিজ্ঞপ্তি।
এনসিসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স
এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে সম্পন্ন হয়েছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান বিশেষ অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি।