বা ণি জ্য স ং বা দ
প্রাইম ব্যাংকের ১৩৩তম শাখা কুলাউড়ায়
প্রাইম ব্যাংকের ১৩৩তম শাখা মৌলভীবাজারের কুলাউড়ায় সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরীর মা বেগম বখতুন্নেছা চৌধুরী এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া প্রধান অতিথি এবং ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. শাহাদাত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহসান খসরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক মেরিনা ইয়াসমিন চৌধুরী। বিজ্ঞপ্তি।
এবি ব্যাংক-সিপিটিইউ এর মধ্যে চুক্তি
দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শামীম আহমেদ চৌধুরী এবং সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ। বিজ্ঞপ্তি।
মদনমোহন কলেজে অনলাইনে ভর্তি শুরু
সিলেটে অবস্থিত মদনমোহন কলেজের অনলাইন ভর্তি ও নিয়মিত ফি কালেকশন কার্যক্রমের উদ্বোধন করেছে টেলিটক। এ উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি একটি চুক্তি সই অনুষ্ঠান হয়। চুক্তিতে সই করেন টেলিটকের মার্কেটিং অ্যান্ড সেলসের জিএম ফারুক আহমেদ এবং মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ। বিজ্ঞপ্তি।