বা ণি জ্য স ং বা দ
ভিশন ইলেকট্রনিকস পণ্যের সার্ভিস সেন্টার
ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করতে তেজগাঁও শিল্প এলাকায় সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহেমদ (অব.) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় গতকাল সোমবার সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
সোস্যাল ইসলামী ব্যাংকের পর্যালোচনা বৈঠক
সোস্যাল ইসলামী ব্যাংকের ৩৩টি শাখার ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্প্রতি এক বাণিজ্য পর্যালোচনা বৈঠক আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক। উপস্থিত ছিলেন পরিচালক আবদুল আউয়াল পাটোয়ারী এবং পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান আবদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।
গাজীপুরে এমটিবির শাখা উদ্বোধন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ৯২তম শাখা সম্প্রতি গাজীপুরের মনিপুর বাজারে উদ্বোধন করা হয়েছে। গাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রীনা পারভীন শাখাটির উদ্বোধন করেন। এর আগে আশুলিয়ার রজবি প্লাজা, চট্টগ্রামের কালুরঘাটে ৯০ ও ৯১তম শাখা উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কম্বল বিতরণ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে মিরপুরের শেওড়াপাড়ায় শীতার্তদের মাঝে সম্প্রতি কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান, মিরপুর শাখার ব্যবস্থাপক মো. শামসুল হক, প্রধান কার্যালয়ের কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, আ ফ ম নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।