বাঁ চোখে দেখছেন না সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজিমুল
সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত নাজিমুল ইসলাম চৌধুরী বাঁ চোখে দেখতে পারছেন না। এ ছাড়া তিনটি দাঁত পড়ে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানের আঘাতে জর্জরিত তিনি। নাজিমুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভোটের দিন ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সময় হামলার শিকার হন তিনি। নির্বাচন কমিশনের (ইসি) সহায়তায় ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা হচ্ছে নাজিমুল ইসলামের।
গতকাল রোববার সন্ধ্যায় হাসপাতালে কথা হয় নাজিমুল ইসলামের সঙ্গে। তিনি অনেকটা ক্ষোভ ও অভিযোগের সুরে প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগের দিন রাতেই কেন্দ্রটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। ভোটের দিন কেন্দ্রের আশপাশে দৃর্বৃত্তদের জমায়েত হতে দেখে প্রশাসনকে জানানো হয়েছিল। সাহায্য চেয়ে প্রশাসনকে ফোন করার প্রায় ২০ মিনিট পরে হামলার ঘটনা ঘটে। এর প্রায় ২০ মিনিট পর র্যাব, সেনাসহ অন্যরা সেখানে পৌঁছান।
নাজিমুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সে ধরনের কোনো ব্যবস্থা ছিল না। পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি করলেও একসময় গুলি শেষ হয়ে যায়।’
নাজিমুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘প্রায় ৩০০ জনের মতো লোক হাতে চাপাতি, লাঠি নিয়ে কেন্দ্রের দিকে আসতে থাকে। তখন সবাই একটি ঘরে গিয়ে আশ্রয় নিই। তারা দরজা-জানালা ভেঙে সবাই ঘরে ঢুকে পড়ে। এ সময় বুঝলাম বোমার মতো কিছু একটা আমার মুখমণ্ডলে এসে পড়ল। তারপর নাক ও চোখ থেকে রক্ত পড়া শুরু হয়। একসময় অজ্ঞান হয়ে পড়ি।’
ইসির উদ্যোগে ৯ জানুয়ারি রাতে বিমানে করে ঢাকায় আনা হয়েছে নাজিমুল ইসলামকে। ইসি চিকিৎসার সব খরচ দেবে বলে তাঁকে জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত হাতে কোনো টাকা পাননি তিনি।
গতকাল নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, নির্বাচনে দায়িত্ব পালনের সময় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তালিকা যাচাই-বাছাই করে আহত ব্যক্তির ধরন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।