বাঁকখালী নদী খননকাজ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর খননকাজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। জেলা নদী সংরক্ষণ প্রকল্পের আওতায় এই খননকাজ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ বলছে, নৌযান চলাচল স্বাভাবিক রাখতে এই খননকাজ করা হবে। এদিকে কক্সবাজারের নাগরিক সংগঠনগুলো বলছে, পাহাড় কাটা বন্ধ না করে বাঁকখালী নদী খনন করে সুফল পাওয়া যাবে না। কারণ, বর্ষায় শহরের পাহাড় কাটার মাটি নেমে এসে নদীর খনন করা অংশ আবারও ভরাট হয়ে যাবে।
বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, বাঁকখালী নদী খনন ছাড়াও কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ১৯ লাখ ঘনমিটার অংশ খনন করবে বিআইডব্লিউটিএ। কিছু অংশে স্থাপন করা হবে বয়া। ২০১৮ সালের মধ্যে খননসহ প্রকল্পের সব কাজ শেষ করা হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, ৩৪ কিলোমিটার লম্বা বাঁকখালী নদীর শেষ অংশ কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ঘাট এলাকায় (নুনিয়াছটা) আজ বৃহস্পতিবার প্রায় এক কিলোমিটার নদীপথের খননকাজ উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। খননকাজ বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ। নদীর আরও প্রায় ২৯ কিলোমিটার অংশ খননসহ বিভিন্ন উন্নয়নকাজ করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, বাঁকখালী নদীর অবৈধ দখলদারদের তালিকা তৈরি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর সীমানা নির্ধারণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। জেলা ও পৌর প্রশাসন অবৈধ দখলদারের তালিকা তৈরি করে কিছু স্থাপনা উচ্ছেদ করলেও সীমানা চিহ্নিত করার কাজ শেষ করেনি। এই অবস্থায় নদীর শেষ প্রান্তের (বঙ্গোপসাগরের মোহনায়) কিছু অংশ খনন করে লাভের কিছু হবে না।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি মাসুদুর রহমান বলেন, পাহাড় কাটা বন্ধ না করে বাঁকখালী নদী খননের কোনো কারণ তাঁরা খুঁজে পাচ্ছেন না। আসন্ন বর্ষায় শহরের পাহাড় কাটার মাটি নেমে এসে নদীর ওই খনন অংশ আবার ভরাট হয়ে যাবে।
কক্সবাজার পিপলস ফোরামের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, অব্যাহতভাবে পাহাড় কাটার কারণে পাহাড়ি মাটি বাঁকখালীতে গিয়ে পড়ছে। শহরের ময়লা-আবর্জনাও ফেলা হচ্ছে নদীতে। মাটি ও ময়লা-আবর্জনা জমে নাব্যতা হারাচ্ছে নদী।
কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, আগে বাঁকখালী নদীর সীমানা চিহ্নিত করা দরকার।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক বাঁকখালী নদীর অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছেন। কিন্তু পাহাড় কাটা বন্ধ না হওয়ায় নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে যাচ্ছে।