বাঁকখালী নদী ভরাট করে অবৈধ স্থাপনা
কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীর তীর ভরাট করে অসংখ্য অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। এতে নদীর গতিপথ সরু হয়ে নৌচলাচল ব্যাহত হচ্ছে।
শুক্রবার নদীর নুনিয়াছটা, কস্তুরাঘাট, টেকপাড়া অংশ ঘুরে দেখা যায়, নদীর চর ও তীর দখল করে তৈরি করা হয়েছে চিংড়িঘের, নৌযান মেরামতের কারখানা (ডকইয়ার্ড), ময়দা ও বরফ কলসহ অসংখ্য ঘরবাড়ি। অনেকে নদীর অংশ বালু দিয়ে ভরাট করে তৈরি করছেন বসতবাড়ি ও শুঁটকি মহাল। এতে নদীর গতিপথ সরু হয়ে পড়ায় জেলার কুতুবদিয়া-মহেশখালীসহ ১২টি আভ্যন্তরীণ পথে নৌচলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি প্রতিনিধি দল বাঁকখালী নদীর প্রায় ছয় কিলোমিটার ঘুরে দেখেন। দলেন প্রধান ও বেলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, ‘নদীর বুক ও দুই তীর দখল করে প্রায় হাজারো স্থাপনা তৈরির দৃশ্য নজরে পড়েছে। শহরের বর্জ্যও ফেলা হচ্ছে এই নদীতে। এতে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা বাঁকখালীকে দখলমুক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।’
কক্সবাজার জেলা মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন বলেন, ঝড় জ্বলোচ্ছ্বাসের সংকেত পড়লে গভীর সাগর থেকে কয়েক হাজার মাছ ধরার ট্রলার এই নদীতে নিরাপদ আশ্রয় নিত। এখন নদীর গতিপথ সংকুচিত হয়ে পড়ায় এক শর বেশি ট্রলার ঢুকতে পারে না।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, নদীর খুরশকুল অংশের প্রায় ৪০ একর জমি দখল করে চিংড়ি ঘের করছেন বশির আহমদ নামের এক ব্যক্তি। তার পাশে প্রায় ২০ একর দখল করেছেন মো. সোবহান। টেকপাড়ার আবদুল্লাহ খান ৮০ একর, আবু হানিফ ১০ একর, জাহাঙ্গীর কাশেম ১০ একর এবং পেশকারপাড়ার আবদুল খালেকের দখলে রয়েছে ৩২ একর। বঙ্গোপসাগরের মোহনা নুনিয়াছটা থেকে সাত কিলোমিটার দূরে খরুলিয়াবাজার পর্যন্ত নদীর দুই তীরে আট শতাধিক প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে অন্তত তিন হাজার একর জমি। সংশ্লিষ্ট সূত্রমতে, এই জায়গার বাজারমূল্য ৮০০ কোটি টাকারও বেশি।
সরেজমিনে দেখা যায়, এসব জমিতে তৈরি করা হয়েছে বসতবাড়ি, দোকানপাট, চিংড়ি ঘের, ময়দার কল, শৌচাগার, হোটেল, লবণ মাঠ, লবণের গুদাম, মুরগির খামার ও বরফ কল ইত্যাদি।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, শহরের ময়লা-আবর্জনা ফেলে পরিকল্পিতভাবে নদীর তলদেশ ভরাট করা হচ্ছে। উদ্দেশ্য জমি দখল। এতে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ৪০ বছর ধরে নদীর খনন না হওয়ায় আশপাশের কমপক্ষে এক হাজার নলকূপের পানি লবণাক্ত হয়ে পড়েছে।
পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, নদী খননের চেষ্টা থাকলেও বাজেটের কারণে তা সম্ভব হচ্ছে না। অবৈধ দখলদার উচ্ছেদে জেলা প্রশাসনের সহযোগিতা দরকার।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, অবৈধ দখলদার উচ্ছেদ করে দ্রুত নদী খননের প্রচেষ্টা চলছে।