বাঁকখালী নদীজুড়ে ডুবোচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁকখালী নদীর কক্সবাজার অংশের ৪০ কিলোমিটারজুড়ে বহু ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফলে এই নদীতে নৌযান চলাচল কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে নদীনির্ভর বহু মানুষ। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, এই নদীতে মাছ ধরে ও দুই তীরে চাষাবাদ করে আগে কয়েক লাখ মানুষ জীবিকা নির্বাহ করত। কিন্তু চলতি শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে যাওয়ায় কক্সবাজার সদর, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার কয়েক লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। নাইক্ষ্যংছড়ির কালাপাহাড় থেকে বাঁকখালী নদী সৃষ্টি হয়ে উপজেলার দোছড়ি, লেবুছড়ি, কচ্ছপিয়া হয়ে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রামুর গর্জনিয়া বাজারে এসে আরও পাঁচটি উপনদীর সঙ্গে মিশেছে। বাঁকখালী নদী রামুর গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারকূপ, মনিরঝিল, রাজারকুল; কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, খরুলিয়া, বাংলাবাজার, পিএমখালী, খুরুশকুল, কস্তুরাঘাট, ফিশারিঘাট, নুনিয়াছড়া হয়ে (প্রায় ৪০ কিলোমিটার) বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে মিলিত হয়েছে।সম্প্রতি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামে গিয়ে দেখা যায়, নদীর বুকে বহু ডুবোচর জেগে উঠেছে। স্থানীয় মনছুর আলম ও মনির উল্লাহ বলেন, তাঁদের এলাকার কয়েক হাজার মানুষ আগে এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন সারা দিন জাল ফেলেও এক কেজি মাছ পাওয়া যায় না। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, একসময় নদীর কক্সবাজার শহর অংশের কস্তুরাঘাট, ফিশারিঘাট প্রধান বাণিজ্যকেন্দ্র ছিল। এই ঘাট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ ট্রলারযোগে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এ ছাড়া পাহাড় ও সমতলে উৎপাদিত ধান, চাল, শাকসবজি নৌকাযোগে এবং গাছ ও বাঁশ নদীর পানিতে ভাসিয়ে আনা-নেওয়া করা হতো। চর জেগে ওঠায় এখন আর তা সম্ভব হচ্ছে না। মাহবুবুল আলম বলেন, একসময় ঝড়-জলোচ্ছ্বাসের সংকেত দেওয়া হলে এই নদীতে সাত হাজারের মতো ট্রলার রাখা সম্ভব হতো। ভরাট হওয়া ও ডুবোচরের কারণে এখন ৫০০ ট্রলার রাখতে সমস্যা হচ্ছে।মিয়ানমার সীমান্তের কালাপাহাড় থেকে গর্জনিয়া বাজার পর্যন্ত বাঁকখালী নদীর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদের ভাষ্যমতে, নদীর ওই ৩৫ কিলোমিটারের অনেক জায়গায় তলদেশ ভরাট হওয়ায় কয়েক লাখ মৎস্যজীবী ও চাষি বেকার হয়ে পড়েছেন। তিনি বলেন, নদীর দুই তীরের খাসজমি দখল করে অনেকে এখন তামাকের চাষ করছেন। তামাকপাতা পোড়ানোর কারণে সৃষ্ট বিষাক্ত রস নদীর পানিতে মিশে পানিও দূষিত হচ্ছে। এতে মাছসহ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এখন বাঁকখালী নদীতে কোনো মাছ নেই বলা যায়।রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, বাঁকখালী নদীর গর্জনিয়া বাজার থেকে ফতেখাঁরকুল, অফিসেরচর, খরুলিয়াসহ ৪০ কিলোমিটারে বেশি ডুবোচরের সৃষ্টি হয়েছে; যে কারণে নৌ-চলাচল একেবারে বন্ধ রয়েছে। কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর ভাষ্যমতে, প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ বাঁকখালী নদীর তলদেশ ভরাট হওয়ায় জেলার পাঁচ লাখের বেশি মানুষ বেকার হয়ে পড়েছে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দ্রুত খননকাজ শুরু করা দরকার। সেই সঙ্গে নদীর দুই তীর সংরক্ষণও জরুরি। কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ বলেন, বাঁকখালী নদীর নুনিয়াছটা থেকে মাঝিরঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার খনন করতে প্রয়োজন ৪০ থেকে ৫০ কোটি টাকা। কিন্তু পৌরসভার তহবিলে এত টাকা নেই। খনন প্রসঙ্গে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দিন বলেন, বাঁকখালী নদীর ৫৬ কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ, রামুর গর্জনিয়া থেকে ফতেখাঁরকুল, অফিসেরচর হয়ে ২৮ কিলোমিটার নদীর তলদেশ খনন ও পানি চলাচলের একাধিক স্লুইসগেট নির্মাণসহ নানা প্রকল্প বাস্তবায়নে ২২৫ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।