কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ভবনটির একপাশ নদীতে দেবে গেছে। বাঁকখালী নদীতীরের তিনতলা এই ভবনটি তিন বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। জেলেদের আশঙ্কা, ভবনটি নদীতে ধসে পড়লে মাছ ধরার ট্রলার চলাচলে সমস্যা হবে।
স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে বিকট শব্দে ভবনের কিছু অংশ (উত্তর পাশ) বাঁকখালী নদীতে দেবে যায়। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস্য, বিদ্যুৎ, গণপূর্ত ও দমকলবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে আনেন এবং ভবনটি সিলগালা করে দেন। ঝুঁকি এড়াতে বিচ্ছিন্ন করা হয় ভবনের বিদ্যুৎ-সংযোগ।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের আওতাধীন ফিশারিঘাটের এই মৎস্য অবতরণ কেন্দ্র দিয়ে প্রতিদিন শত শত মেট্রিক টন সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। গভীর সাগর থেকে জেলেদের ধরে আনা মাছ বিক্রির জন্য বাঁকখালী নদীর তীরে ১৯৬৫ সালে এই ভবনটি তৈরি করা হয়।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, দিনের বেলায় এই ভবনের ওপর কয়েক শ মানুষের মাছের কারবার চলে। ভবনের নিচে নদীতে ভাসমান থাকে কয়েক শ ট্রলার। এখন যেকোনো মুহূর্তে ভবনটি নদীতে ধসে পড়তে পারে।
গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ভবনটি ঘিরে রেখেছেন। ভবনের চারদিকে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে টাঙানো হয়েছে একাধিক লাল নিশান। তবে ভবনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মাছ ধরার ট্রলার, যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট।
মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম জানান, ২০১২ সালের ভয়াবহ বন্যায় ভবনটির রেলিং নদীতে ধসে পড়ে। তখন ভবনের ১৩টি পিলারের নিচের মাটি সরে যায় এবং দেয়ালে ফাটল দেখা দেয়। সাগরে বিলীন হয়ে যায় ট্রলার থেকে কেন্দ্রে মাছ নামানোর দুটি সিঁড়ি। এরপর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও মাছের ব্যবসা বন্ধ করা যায়নি। ভবনের দ্বিতীয় তলায় ৩৪টি আড়তঘরে মাছ ক্রয়-বিক্রয় ও সরবরাহের কাজ চলে আসছিল।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে জানান, ভবনটি নদীতে ধসে পড়লে নৌচলাচলে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তাই এটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দরপত্র আহ্বান করে ভবনটি দ্রুত ভেঙে ফেলার জন্য গতকাল মঙ্গলবারই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ এবং কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভবনটির ১০০ মিটারের মধ্যে নৌচলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভবনের ভেতরে প্রবেশ না করতে লাল নিশান টাঙানো হয়েছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য তিন বছর আগে মাছ ব্যবসায়ীরা আন্দোলন করেন। ভবনটি নদীতে ধসে পড়লে ছয় হাজারের বেশি মাছ ধরার ট্রলার চলাচল ব্যাহত হবে।