বাঁকখালী নদীতে বর্জ্য ফেলা বন্ধের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে ময়লা-আবর্জনা (বর্জ্য) ফেলা বন্ধ রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও আতাউর রহমান খানের বেঞ্চ এ আদেশ দেন।
কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীর বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত। আর কক্সবাজার পৌরসভার মেয়রকে এ বিষয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বেলার আইনজীবী ইকবাল কবির বলেন, বাঁকখালী নদী রক্ষায় গত বছরের ১৬ সেপ্টেম্বর বেলার পক্ষ থেকে হাইকোর্টে একটি আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত মঙ্গলবার ওই রুল জারি করেন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পৌরসভার বর্জ্য বাঁকখালী নদীতে নিক্ষেপ না করার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু বর্জ্য নিক্ষেপ বন্ধ হচ্ছে না।
সরেজমিন দেখা গেছে, দখল ও দূষণে সংকুচিত হয়ে পড়েছে শহরের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী। নদীর অন্তত ১৬ কিলোমিটারের দুই তীর দখল করে তৈরি করা হয়েছে চিংড়িঘের, নৌযান মেরামতের কারখানা (ডকইয়ার্ড), ময়দা ও বরফ কলসহ অসংখ্য ঘরবাড়ি।
পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, বর্জ্য ফেলার জন্য শহরের বাইরে জমি নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ না থাকায় নদী খনন সম্ভব হচ্ছে না।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, নদীর দুই তীর থেকে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে নদীতে বর্জ্য নিক্ষেপও বন্ধ করা হবে।