বাঁকখালী নদীতে বিষ ঢেলে মাছ শিকার চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে বিষ ঢেলে মাছ শিকার চলছেই। স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে দুর্বৃত্তরা রাতে বিষ ঢেলে মাছ শিকার করে। গত এক মাসে কমপক্ষে পাঁচবার বিষ প্রয়োগে মাছ মারা হয়।সর্বশেষ গত বুধবার রাতে বাঁকখালী নদীর উজানে মইশকুম ও বাদরইজ্যারকুম এলাকায় বিষ প্রয়োগ করা হয়। এভাবে মাছ শিকার বন্ধে প্রশাসনেরও কোনো তৎপরতা নেই।বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন, নির্বিচারে বিষ ঢালার কারণে ছোট-বড় মাছসহ অন্যান্য জলজপ্রাণী মারা যাচ্ছে। একই সঙ্গে মাছের প্রাকৃতিক খাবারের উৎস নষ্ট হচ্ছে। মাছের বংশবিস্তারও বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বাঁকখালী নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে মরা মাছ, বিশেষ করে পোনা মাছ ভেসে উঠেছে। স্থানীয় কয়েক শ নারী-পুরুষ ও শিশু হাতজাল, ঠেলাজাল ও চালনিসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ওই মাছ ধরছে। লম্বরীপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গত বৃহস্পতিবার ভোরে কয়েকজন নারী নদীতে গোসল করতে গেলে ছোট ছোট চিংড়িসহ বিভিন্ন মাছের মরা, আধমরা পোনা ভাসতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন। তাঁরা জানান, বিষক্রিয়ায় মারা যাওয়া বড় মাছগুলো দুর্বৃত্তরা নিয়ে গেলেও ছোট মাছগুলো নদীতে ভেসে ওঠে। কাউয়ারখোপের বাসিন্দা ওসমান সরওয়ার আলম মামুন বলেন, দুষ্কৃতকারীরা রাতে মইশকুম এলাকায় এসে নদীতে বিষ ঢেলে মাছ শিকার করে। প্রতিবছর শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে গেলে সংঘবদ্ধ দুর্বৃত্তরা বিষ ঢেলে মাছ শিকার শুরু করে। গত এক মাসে কমপক্ষে পাঁচবার বিষ ঢেলে মাছ শিকারের ঘটনা ঘটে।সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সাধারণ সম্পাদক ইজত উল্লাহ বলেন, বাঁকখালী নদীতে বিষ ঢেলে মাছ শিকার একটি পুরোনো সমস্যা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের তৎপরতা না থাকায় অপকর্মটি চলছেই।রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে বিষ প্রয়োগের কারণে মাছসহ সব ধরনের জলজপ্রাণী মারা যায় এবং প্রাকৃতিকভাবে তৈরি মাছের খাবার নষ্ট হয়ে যায়। এ ছাড়া বিষক্রিয়ায় মারা যাওয়া মাছ খেলে মানুষও বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক বলেন, এর আগেও বাঁকখালী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।