বাঁকখালী নদীর প্যারাবন থেকে ১২ ঘর উচ্ছেদ
কক্সবাজার শহরের নুনিয়াছটা এলাকার বাঁকখালী নদীর তীরে সৃজিত প্যারাবন (ম্যানগ্রোভ ) উজাড় করে তৈরি করা ১২টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত চলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু হাসান সিদ্দিক। তবে এ সময় দখলদারদের কাউকে আটক করা হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, উপকূলীয় বন বিভাগ কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক প্রমুখ।
সরদার শরীফুল ইসলাম বলেন, সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় সরকার বিপুল অঙ্কের টাকা খরচ করে এই প্যারাবন সৃজন করা হয়। কিন্তু কতিপয় ভূমিদস্যু রাতের আঁধারে প্যারাবনের শত শত গাছ কেটে ফেলে সেখানে বসতবাড়ি, শুঁটকি মহালসহ নানা অবৈধ স্থাপনা তৈরি করছে।